রেলের বিল পাসে কোটি টাকার দুর্নীতি! সিবিআইয়ের জালে ৬ আধিকারিক, উদ্ধার নগদ ৭৭ লক্ষ টাকা – এবেলা

রেলের বিল পাসে কোটি টাকার দুর্নীতি! সিবিআইয়ের জালে ৬ আধিকারিক, উদ্ধার নগদ ৭৭ লক্ষ টাকা – এবেলা

এবেলা ডেস্কঃ

রেলের ঠিকাদারদের বিল পাস করানোর নামে দুর্নীতি ও ঘুষ নেওয়ার অভিযোগে রাজস্থান ও ছত্তীসগঢ়ে বড়সড় অভিযান চালিয়েছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। পৃথক তিনটি ঘুষকাণ্ডের মামলায় রেলের মোট ছয়জন আধিকারিক ও তাঁদের সহযোগীদের হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তদন্তে নেমে এক শীর্ষ অফিসারের বাড়ি ও দফতর থেকে নগদ ৭৭ লক্ষ টাকা এবং ১৪ লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার করেছেন গোয়েন্দারা। এই দুর্নীতি চক্রের জাল পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছে তদন্তকারীরা।

সিবিআই সূত্রে জানা গেছে, জয়পুর, বিকানের ও ভিলায়ে সরকারি ক্ষমতার অপব্যবহার করে ঠিকাদারদের থেকে অবৈধভাবে উৎকোচ নেওয়া হচ্ছিল। গত ১৩ আগস্ট ম্যারাথন তল্লাশি চালিয়ে এই চক্রের সঙ্গে যুক্তদের গ্রেফতার করা হয়। জয়পুর ও বিকানের ডিভিশনে বিভিন্ন বেসরকারি সংস্থার বিল পাসের নামে লাখ লাখ টাকা ঘুষ নেওয়ার প্রমাণ মেলে। এদিকে ভিলায়ের এক সিনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নগদ ও গয়না গোটা কাণ্ডকে নাড়িয়ে দিয়েছে। ধৃতদের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *