প্রকৃতির তাণ্ডবে অরুণাচলে সেনা ক্যাম্পে ধস, মেঘভাঙা বৃষ্টিতে নিখোঁজ ৫ জওয়ান! – এবেলা

প্রকৃতির তাণ্ডবে অরুণাচলে সেনা ক্যাম্পে ধস, মেঘভাঙা বৃষ্টিতে নিখোঁজ ৫ জওয়ান! – এবেলা

এবেলা ডেস্কঃ

অরুণাচল প্রদেশে ভয়াবহ মেঘভাঙা বৃষ্টি ও আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যাপক ধ্বংসলীলা চলেছে। শুক্রবার জেলার দিবাং ভ্যালির আনিনি এলাকার পাশু জলতে পাহাড়ি ঢল ও ভূমিধসে ভারতীয় সেনার ‘৫ম গ্রেনেডিয়ার্স’-এর একটি ক্যাম্প ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। পাহাড়ি জলের তীব্র তোড়ে সেনার দুটি শেল্টার ভেসে যাওয়ায় বেশ কয়েকজন জওয়ান স্রোতে তলিয়ে যান।

সর্বশেষ খবর অনুযায়ী, এই মর্মান্তিক দুর্ঘটনায় সেনার ৫ জন জওয়ান এখনও নিখোঁজ রয়েছেন। প্রাকৃতিক দুর্যোগের খবর পেয়েই দ্রুত উদ্ধারকাজ শুরু করায় ২ জন জওয়ানকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। সেনা ও স্থানীয় সূত্রের খবর, শুক্রবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ এই মেঘভাঙা বৃষ্টি ও ধস নামার ঘটনা ঘটে।

বর্তমানে প্রবল প্রতিকূল আবহাওয়ার মধ্যেই সেনা, আইটিবিপি (ITBP)-র ৫৮ নম্বর ব্যাটালিয়ন, জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ারিং ফোর্সের ৬২ আরসিসি, রাজ্য পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছেন।

অন্যদিকে, একই দিনে অরুণাচল প্রদেশের আপার সুবনসিরি জেলাতেও আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। সেখানে একটি নির্মাণাধীন রাস্তায় হঠাৎ বড়সড় ভূমিধস নামায় ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১ জনের দেহ উদ্ধার করা সম্ভব হলেও বাকিদের উদ্ধারে কাজ চলছে। পর পর এই দুটি ঘটনায় অরুণাচলের একাধিক জেলায় জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *