কোভিড হানা দিল রাজ্যে: দিঘা স্টেট জেনারেল হাসপাতালের সুপারের অকালমৃত্যু – এবেলা

কোভিড হানা দিল রাজ্যে: দিঘা স্টেট জেনারেল হাসপাতালের সুপারের অকালমৃত্যু – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে নতুন করে উদ্বেগ বাড়িয়ে আবারও প্রাণ কাড়ল কোভিড-জাতীয় সংক্রমণ। কোভিড থেকে তৈরি হওয়া তীব্র নিউমোনিয়া ও শ্বাসনালীর সংক্রমণে প্রাণ হারিয়েছেন দিঘা স্টেট জেনারেল হাসপাতালের ৪৩ বছর বয়সী সুপার ডা. সন্দীপ বাগ। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পরিবারের ইচ্ছানুযায়ী তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

দু’দিন আগে হঠাৎ তীব্র শ্বাসকষ্ট শুরু হলে ডা. সন্দীপ বাগের শারীরিক পরীক্ষা করা হয় এবং চিকিৎসকরা জানান তিনি ‘অ্যাকিউট রেসপিরেটরি ডিসট্রেস সিন্ড্রোম’-এ আক্রান্ত। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। পথেই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে, তবে চণ্ডীপুর ও তমলুকে প্রাথমিক চিকিৎসায় কিছু সময়ের জন্য স্থিতিশীল করা সম্ভব হয়।

এসএসকেএমের চিকিৎসকরা জানিয়েছেন, ফুসফুস ও শ্বাসনালীর নিচের অংশে মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়েছিল, যা থেকে সারা শরীরে তীব্র প্রদাহের সৃষ্টি হয়। নিউমোনিয়ার ফলে তাঁর ফুসফুস স্পঞ্জের ভাব হারিয়ে কঠিন হয়ে গিয়েছিল, যা এক্স-রে রিপোর্টে স্পষ্ট ধরা পড়ে। এই জটিল সংক্রমণের ফলশ্রুতিতেই পরবর্তীতে একটি বড়সড় হার্ট অ্যাটাক (ম্যাসিভ অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন) ঘটে, যা ডেথ সার্টিফিকেটে মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি রাজ্যের জেলা হাসপাতাল পরিদর্শনের সময় ডা. সন্দীপ বাগের কাজের ভূয়সী প্রশংসা করেছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়। তরুণ ও প্রতিশ্রুতিশীল এই চিকিৎসকের অকালমৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীসহ চিকিৎসক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *