দলীয় পতাকার নিচে জাতীয় পতাকা! সিপিএমের ভুলে তুলকালাম খড়দহে! – এবেলা

এবেলা ডেস্কঃ
স্বাধীনতা দিবসের দিন উত্তর ২৪ পরগনার খড়দহ ও নিমতায় সিপিএমের পার্টি অফিসের সামনে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা ছড়াল। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে জাতীয় পতাকার উপরে দলীয় লাল পতাকা ওড়ানোর অভিযোগ উঠেছে বামেদের বিরুদ্ধে। খড়দহের কল্যাণনগর বটতলা এবং উত্তর দমদমের নিমতা এলাকার এই ঘটনার ছবি ও ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনার প্রতিবাদে সরব হয়ে সিপিএম কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। নিমতায় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করতে হয়।
এই চাঞ্চল্যকর ঘটনায় বিজেপির পক্ষ থেকে সিপিএমের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানানো হয়েছে। খড়দহের বিজেপি নেতৃত্ব একে জাতীয় পতাকার অবমাননা এবং দেশবিরোধী মানসিকতা বলে তোপ দেগেছেন। অন্যদিকে, বিতর্কের মুখে পড়ে নিজেদের ভুল স্বীকার করে নিয়েছে স্থানীয় সিপিএম নেতৃত্ব। খড়দহের এক সিপিএম নেতা জানিয়েছেন, জাতীয় পতাকাকে সবসময় রাজনৈতিক পতাকার উপরে রাখার নিয়ম থাকলেও অসাবধানতাবশত এই অনিচ্ছাকৃত ভুল হয়েছে। দ্রুত তা সংশোধন করে নেওয়া হবে বলে জানানো হলেও স্বাধীনতা দিবসের এই ঘটনায় রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে।
