সামান্য বচসা থেকে ভয়াবহ পরিণতি: বেঙ্গালুরুতে স্ত্রীকে খুনের পর স্বামীর আত্মহত্যা, স্তব্ধ প্রতিবেশীরা! – এবেলা

এবেলা ডেস্কঃ
বেঙ্গালুরু: এক সামান্য পারিবারিক বচসা যে এভাবে দু’টি তাজা প্রাণ কেড়ে নেবে, তা কল্পনাও করতে পারেননি কেউ। বিয়ের পর নতুন জীবনের সূচনা হতে না হতেই এক মর্মান্তিক পরিণতির সাক্ষী থাকল বেঙ্গালুরু। ফ্ল্যাট থেকে উদ্ধার হল নবদম্পতির নিথর দেহ। পুলিশ জানিয়েছে, স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী।
মৃত দম্পতি হলেন পেশায় সিভিল ইঞ্জিনিয়ার সুমন্ত জৈন এবং তথ্যপ্রযুক্তি কর্মী পদ্মাবতী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার রাতে তাঁদের নিজেদের ফ্ল্যাটেই কোন একটি বিষয়ে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। কথা কাটাকাটি চলাকালীন মেজাজ হারিয়ে সুমন্ত প্রথমে স্ত্রীকে সজোরে চড় মারেন এবং ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করেন। এরপরই পদ্মাবতীর মুখে বালিশ চাপা দেন তিনি। কিছুক্ষণ পর স্ত্রী নিঃশ্বাস নিচ্ছেন না বুঝতে পেরে আতঙ্কিত হয়ে পড়েন সুমন্ত।
স্ত্রী আর বেঁচে নেই নিশ্চিত হওয়ার পর সুমন্ত নিজের মাকে সব ঘটনা জানিয়ে মেসেজ ও ফোন করেন। তিনি জানান যে রাগের মাথায় মারধর ও বালিশ চাপা দেওয়ার পর স্ত্রীর কোনো সাড়াশব্দ মিলছে না। পুরো বিষয়টি জানতে পেরে সুমন্তর মা অবিলম্বে ওই আবাসনের প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করেন এবং পুলিশে খবর দেওয়া হয়।
পরদিন সকালে পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢোকে। দেখা যায়, ঘরের ভেতরে বিছানায় পড়ে রয়েছে পদ্মাবতীর নিথর দেহ এবং পাশেই ঝুলন্ত অবস্থায় রয়েছে সুমন্তর দেহ। দুটি দেহই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পদ্মাবতীর মৃত্যুর প্রকৃত কারণ এবং আঘাতের ধরণ খতিয়ে দেখতে একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বেঙ্গালুরু পুলিশ।
