ফুটবলের বিশ্বজয়ের পর ক্রিকেটে বড় চমক! অজিদের রেকর্ড ভেঙে ইতিহাস গড়ল স্পেন – এবেলা

ফুটবলের বিশ্বজয়ের পর ক্রিকেটে বড় চমক! অজিদের রেকর্ড ভেঙে ইতিহাস গড়ল স্পেন – এবেলা

এবেলা ডেস্কঃ

ফুটবলের মাঠে বিশ্বজয়ের রেশ কাটতে না কাটতে এবার ক্রিকেটের বাইশ গজেও অবিশ্বাস্য সাফল্য অর্জন করল স্পেন। ইউরোপের সাব-রিজিওনাল কোয়ালিফায়ার সি-এর ম্যাচে ফিনল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে টানা ২১টি ম্যাচ জেতার নতুন বিশ্বরেকর্ড গড়েছে স্প্যানিশরা। এর সুবাদে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দৌড়েও তারা অনেকটাই এগিয়ে গেল। ভেঙে গেল ২০০৩ সালে রিকি পন্টিংয়ের নেতৃত্বে গড়া অস্ট্রেলিয়ার টানা ২০টি আন্তর্জাতিক ম্যাচ জয়ের পুরোনো ও ঐতিহাসিক নজির।

ক্রিকেটবিশ্বে তুলনামূলকভাবে নবীন দল হলেও, গত তিন বছর ধরে এই সংক্ষিপ্ত ফরম্যাটে একটিও ম্যাচ না হেরে নিজেদের অপ্রতিরোধ্য প্রমাণ করেছে স্পেন। আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বর্তমানে ২৮ নম্বরে থাকা দলটি ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত খেলা ৫০টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ৪১টিতেই জয় ছিনিয়ে নিয়েছে। ইউরোপীয় ক্রিকেটে তাদের এই ধারাবাহিক ও ঈর্ষণীয় উত্থান আন্তর্জাতিক মহলের বিশেষ নজর কেড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *