জলই যার ঠিকানা! স্বাধীনতার দিনে নতুন জীবনের খোঁজে মুর্শিদাবাদের ‘জল মানব’ – এবেলা

জলই যার ঠিকানা! স্বাধীনতার দিনে নতুন জীবনের খোঁজে মুর্শিদাবাদের ‘জল মানব’ – এবেলা

এবেলা ডেস্কঃ

দেশের ৮০তম স্বাধীনতা উদযাপনের দিনে দীর্ঘদিনের জলযন্ত্রণা থেকে মুক্তির পথে পা বাড়াল মুর্শিদাবাদের বেলডাঙার ১৬ বছরের কিশোর ইকবাল হোসেন। বিরল শারীরিক সমস্যার কারণে জল থেকে উঠলেই তার সারা গায়ে অসহ্য জ্বালাপোড়া শুরু হতো। এই অদ্ভুত উপসর্গের জেরে গত কয়েক বছর ধরে বাড়ির পাশের বিশ থেকে পঁচিশ ফুট গভীর পুকুরের জলেই কেটেছে তার দিনরাত। অর্থাভাবে উন্নত চিকিৎসা না মেলায় জলেই জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছিল স্থানীয়ভাবে ‘জল মানব’ নামে পরিচিত এই কিশোর। তার এই অস্বাভাবিক জীবনযাপনের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই নড়েচড়ে বসে একটি নামী বেসরকারি সংস্থা।

বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষার পর জানা যায়, ইকবালের এই জটিল সমস্যা জিনগত বা হরমোনজনিত হতে পারে, যার উন্নত চিকিৎসা এ রাজ্যে সম্ভব নয়। এর পরেই সংস্থার উদ্যোগে শুক্রবার স্বাধীনতা দিবসের সকালে একটি আইসিইউ অ্যাম্বুল্যান্সে করে তাকে কলকাতা বিমানবন্দর হয়ে মুম্বইয়ের একটি নামী হাসপাতালে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার সমস্ত খরচ ওই সংস্থাই বহন করছে। সংবাদমাধ্যমের বদৌলতে চিকিৎসার সুযোগ পেয়ে আনন্দিত ইকবাল ও তার পরিবার। সুস্থ হয়ে প্রিয় মানুষগুলোর মাঝে ইকবাল কবে ফিরে আসে, এখন সেটাই দেখার অপেক্ষায় এলাকাবাসী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *