‘ভারতের উদারতাকে দুর্বলতা ভাববেন না,’ ‘অপারেশন সিঁদুর’ নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা ডোভালের – এবেলা

এবেলা ডেস্কঃ
ভারতের সহনশীলতা ও উদারতাকে কেউ যেন দুর্বলতা মনে না করে—পাকিস্তানকে পরোক্ষভাবে এই কড়া বার্তাই দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ডিসকভারি চ্যানেলের নতুন ডকুমেন্টারি ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা নীতি পরিষ্কার করে জানিয়ে দেন, দেশের নিরাপত্তার খাতিরে ভারত যেকোনো বড় ঝুঁকি নিতে প্রস্তুত এবং শত্রুকে পাল্টা জবাব দিতে পিছপা হবে না।
‘অপারেশন সিঁদুর’ ও ৮৮ ঘণ্টার সামরিক সংঘর্ষ: গত বছরের ২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন প্রাণ জানান। এর জবাবে ৭ মে ভোরে ভারতীয় সামরিক বাহিনী ‘অপারেশন সিঁদুর’ শুরু করে, যার অধীনে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। পাল্টা জবাবে পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণের চেষ্টা করলেও ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা তা আকাশেই নস্যাৎ করে দেয়। টানা ৮৮ ঘণ্টার এই সামরিক উত্তেজনার পর, পাকিস্তানের অনুরোধে ১০ মে সন্ধ্যায় দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়।
ডোভাল স্পষ্ট জানান, এই অভিযানের একমাত্র লক্ষ্য ছিল পহেলগাম হামলার মূল ষড়যন্ত্রকারীদের ঘাঁটি ধ্বংস করা। প্রাক্তন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীও জানান, সেই সময় যেকোনো স্থলযুদ্ধের জন্য ভারতীয় বাহিনী প্রস্তুত ছিল।
এই পুরো ঘটনার নেপথ্যের গল্প ও ভারতের সন্ত্রাসবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে নির্মিত দুই পর্বের এই বিশেষ ডকুমেন্টারিটি খুব শীঘ্রই ডিসকভারি চ্যানেল এবং ‘ডিসকভারি প্লাস’ ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে।
