ধৈর্যের বাঁধ ভাঙল শিক্ষার্থীদের! UGC-NET পরীক্ষা বাতিলের পর প্রধানমন্ত্রী ও NTA-কে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর – এবেলা

এবেলা ডেস্কঃ
ইউজিসি-নেট (UGC-NET) পরীক্ষার ইংরেজি, কমার্স এবং সমাজতত্ত্ব—এই তিনটি বিষয়ের পরীক্ষা বাতিল করে নতুন করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। মূল পরীক্ষা গত ২২ থেকে ৩০ জুনের মধ্যে অনুষ্ঠিত হলেও প্রশ্নপত্রে ভুল এবং পুরনো প্রশ্নের পুনরাবৃত্তির অভিযোগে গঠিত তদন্ত কমিটির পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার নিয়ামক সংস্থার এমন পদক্ষেপের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও NTA-কে সরাসরি নিশানায় এনেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সামাজিক মাধ্যমে তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, সংস্থার গাফিলতি ও ভুলের খেসারত দিতে হচ্ছে নির্দোষ পরীক্ষার্থীদের, যাদের পুনরায় ফর্ম পূরণ ও যাতায়াতের দুর্ভোগ পোহাতে হবে।
বর্তমান শিক্ষা ব্যবস্থাকে ‘এক্সট্রাকশন মেশিন’ আখ্যা দিয়ে রাহুল গান্ধী NTA-র নেতৃত্বের জবাবদিহি এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষার দাবি জানিয়েছেন। তবে পরীক্ষার্থীদের উদ্বেগের মাঝেই NTA স্পষ্ট করেছে যে বাকি ৮৪টি বিষয়ের ফল নির্ধারিত সূচি অনুযায়ী প্রকাশিত হবে এবং এতে অন্যান্য বিষয়ের সুযোগ বা আসনে কোনো প্রভাব পড়বে না। মোট ৮৭টি বিষয়ে আয়োজিত এই পরীক্ষাটি জুনিয়র রিসার্চ ফেলোশিপ, সহকারী অধ্যাপক পদ ও পিএইচডি ভর্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় বর্তমানে সবার নজর সেপ্টেম্বরের পুনঃপরীক্ষার দিকে।
