ডিজিটাল জনগণনায় বাজিমাত বাংলার, সেল্ফ এনুমারেশনে দেশে প্রথম স্থান দখল করল পশ্চিমবঙ্গ – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা, ১৭ আগস্ট ২০২৬: দেশের প্রথম ডিজিটাল জনগণনার প্রথম পর্বে অভূতপূর্ব রেকর্ড তৈরি করল পশ্চিমবঙ্গ। স্বউদ্যোগে নিজেদের তথ্য অনলাইনে নথিভুক্ত করার প্রক্রিয়া বা ‘সেল্ফ এনুমারেশন’ (Self Enumeration)-এ দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে বাংলা।
গত ১৫ আগস্ট প্রকাশিত চূড়ান্ত স্ট্যাটাস রিপোর্ট অনুযায়ী, রাজ্যে ৫৩.১৩ লক্ষেরও বেশি পরিবার সেল্ফ এনুমারেশন করিয়েছেন। এর মধ্যে ৪৯,৮৬,০১৭টি পরিবার সম্পূর্ণভাবে প্রক্রিয়াটি শেষ করতে পেরেছেন এবং ৩,২৭,৫৭২টি পরিবারের এনুমারেশন বিভিন্ন পর্যায়ে প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, চলতি মাসের ১ আগস্ট এই অনলাইন পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছিল। মাত্র ১৫ দিনের মধ্যেই নজিরবিহীন এই সাড়া মিলেছে। রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি সেল্ফ এনুমারেশন সম্পন্ন হয়েছে মালদা ও উত্তর ২৪ পরগনা জেলায়।
যারা সেল্ফ এনুমারেশন করেননি, তাঁদের ক্ষেত্রে কী হবে? অনলাইনে তথ্য আপলোড করার সময়সীমা ছিল ১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত। ১৬ আগস্ট থেকে শুরু হয়েছে সেন্সাস কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সরাসরি তথ্য সংগ্রহের কাজ। যারা অনলাইন প্রক্রিয়ায় অংশ নিতে পারেননি, তাঁদের বাড়িতে গিয়ে গণনাকারীরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে পোর্টালে আপলোড করে দেবেন।
বাড়ি বাড়ি গিয়ে কী কী প্রশ্ন করা হতে পারে? অনলাইন এনুমারেশনে ৩৩টি প্রশ্ন থাকলেও, সরাসরি বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহের জন্য কেন্দ্রীয় সরকার মোট ৪০টি প্রশ্ন নির্দিষ্ট করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রশ্নগুলি হলো:
- ব্যক্তিগত ও পরিচিতি সংক্রান্ত: নাম, লিঙ্গ, বয়স, জন্মতারিখ, বৈবাহিক অবস্থা, ধর্ম, জাতি/উপজাতি (SC/ST), মাতৃভাষা ও অন্যান্য জানা ভাষা, শারীরিক প্রতিবন্ধকতা ইত্যাদি।
- বাসস্থান ও স্থানান্তর: স্থায়ী ঠিকানা, শেষ বসবাসের স্থান, স্থানান্তরের কারণ ও নতুন জায়গায় বসবাসের মেয়াদ।
- শিক্ষা ও অর্থনৈতিক অবস্থা: সাক্ষরতা, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, কাজের ধরন, অর্থনৈতিক কার্যকলাপ ও যাতায়াতের মাধ্যম।
- অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য: করোনা (COVID-19) টিকাকরণের স্থান, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংখ্যা, মোবাইল নম্বর, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভোটার কার্ড ইত্যাদি নথি সংক্রান্ত বিবরণ।
