ভোররাতে কলকাতা বিমানবন্দরে আচমকা চাঞ্চল্য! এটিসি বিল্ডিংয়ের আগুনে আতঙ্কের আবহ – এবেলা

এবেলা ডেস্কঃ
মঙ্গলবার ভোর ৪:৪৩ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-এর পুরনো বিল্ডিংয়ের তিন তলার খোলা বারান্দায় হঠাৎই আগুন ও ধোঁয়া দেখতে পান কর্মরত কর্মীরা। ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৩টি ইঞ্জিন। স্বাধীনতা দিবস উপলক্ষে লাগানো বৈদ্যুতিক আলোর তার থেকেই এই বিপত্তি ঘটেছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। দমকলের প্রায় দুই ঘণ্টার টানা প্রচেষ্টায় এবং কুলিং প্রসেসের পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
এই আকস্মিক ঘটনায় বিমানবন্দরে উপস্থিত যাত্রীদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়নি। এটিসির আটতলা থেকে বিমান চলাচল নিয়ন্ত্রিত হলেও সেখানকার মূল যন্ত্রপাতি সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। ফলে রানওয়েতে বিমান ওঠানামা বা সার্বিক পরিষেবা স্বাভাবিক ও সচল ছিল। কলকাতা বিমানবন্দরের অধিকর্তা বিক্রম সিং জানিয়েছেন, বারান্দার ওই খোলা অংশে এসির বহিরাংশ ছিল। ঠিক কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত, তা খতিয়ে দেখতে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হচ্ছে।
