আমেরিকায় ভারতীয় নিয়ম চালু করছেন ট্রাম্প, নেপথ্যে ভারতের নির্বাচনী কর্তার পরামর্শ! – এবেলা

এবেলা ডেস্কঃ
মার্কিন নির্বাচনে স্বচ্ছতা ও নিরাপত্তা জোরদার করতে এবার ভারতের নির্বাচনী ব্যবস্থার দৃষ্টান্ত টেনে আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ দেওয়া একটি পোস্টে ট্রাম্প জানান, ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তাঁর প্রশাসনের আলোচনার পরেই এই বড় পদক্ষেপ নিতে চলেছেন তিনি।ভারতের সুবিশাল গণতান্ত্রিক কাঠামোয় ভোটারদের বাধ্যতামূলক সচিত্র পরিচয়পত্র ব্যবহারের বিষয়টিকে মডেল হিসেবে তুলে ধরে আমেরিকায় অবিলম্বে ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ পাশ করানোর জোর দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্পের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতের গত সাধারণ নির্বাচনে ৬৪ কোটিরও বেশি মানুষ ভোট দিয়েছেন এবং তাঁদের প্রত্যেকের কাছেই ছিল বৈধ সচিত্র পরিচয়পত্র।এমনকি সেখানে ডাকযোগে ভোট দেওয়ার হার ছিল এক শতাংশেরও কম।আমেরিকার নির্বাচনী ব্যবস্থার দুর্বলতা দূর করতে এবং শুধুমাত্র প্রকৃত নাগরিকদের ভোটাধিকার সুনিশ্চিত করতেই ট্রাম্প প্রশাসন এই নতুন কড়া নিয়ম বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে।ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্জিও গোরও প্রকাশ্যে ট্রাম্পের এই বার্তা সমর্থন করে বিলটি দ্রুত পাশের আহ্বান জানিয়েছেন।
