শুধু ভূরিভোজে দেখা যেত তাঁকে! কলকাতা বিমানবন্দরে সৌগত রায়কে ঘিরে তুমুল বিক্ষোভ ও চোর স্লোগান! – এবেলা

এবেলা ডেস্কঃ
মঙ্গলবার কলকাতা বিমানবন্দর চত্বরে তীব্র জনরোষের মুখে পড়লেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বিমানবন্দর কর্তৃপক্ষ আয়োজিত একটি বৈঠকে যোগ দিতে তিনি সেখানে পৌঁছতেই স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মী-সমর্থকরা তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। এ সময় তাঁকে লক্ষ্য করে কালো পতাকা ও জুতো প্রদর্শন করা হয় এবং ‘গো ব্যাক’ ও ‘চোর’ স্লোগান তোলা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিমানবন্দর কর্তৃপক্ষ ও পুলিশের হস্তক্ষেপে সৌগত রায়কে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
এই ঘটনার তীব্র সমালোচনা করে বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সী অভিযোগ করেছেন, দমদমের সাংসদ সৌগত রায় কখনই এলাকার মানুষের বিপদে পাশে থাকেননি, তাঁকে কেবল বিভিন্ন ভূরিভোজের অনুষ্ঠানে দেখা যেত। সাধারণ মানুষের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই বলেও দাবি করেন তিনি। উল্লেখ্য, এর আগেও চলতি বছরের মে মাসে নিমতায় তাঁকে ঘিরে বিক্ষোভ ও ডিম ছোড়ার ঘটনা ঘটেছিল।
