কাকভোরে খাস কলকাতায় ৩ তলা বাড়ি হুড়মুড়িয়ে ধস, প্রাণ হারালেন বৃদ্ধা! – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: তিলোত্তমায় ফের পুরনো ও বিপজ্জনক বাড়ি ভেঙে মৃত্যুর ঘটনা সামনে এল। মঙ্গলবার সকাল আনুমানিক ৫টা নাগাদ উত্তর কলকাতার জোড়াবাগান থানা এলাকার ৩১ ব্রজদুলাল স্ট্রিট, মালাপাড়ায় একটি তিন তলা বাড়ির একাংশ হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনায় খাট-বিছানাসহ বাড়ি ধসে পড়ে মৃত্যু হয়েছে ৬০ বছর বয়সী উর্মিলা সাহু নামে এক বৃদ্ধার।
দুর্ঘটনার সময় ধ্বংসস্তূপের মধ্যে প্রায় ২০ জন বাসিন্দা আটকে পড়েছিলেন। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানা পুলিশ, কলকাতা পৌরসভা, দমকল বাহিনী এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। দ্রুত উদ্ধারকার্য চালিয়ে ভিতরে আটকে থাকা সমস্ত বাসিন্দাদের নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। পুলিশ ও পৌরসভার পক্ষ থেকে নিরাপত্তাজনিত কারণে পুরো এলাকাটি ঘিরে ফেলা হয়েছে।
উল্লেখ্য, শহরের বুকে পুরনো বাড়ি ভেঙে পড়ার ঘটনা এটিই প্রথম নয়। গত শনিবারই ধর্মতলার ডেকার্স লেনে একটি চারতলা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল। জোড়াবাগানের এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে। জরাজীর্ণ বাড়িটি ঠিক কীভাবে ভেঙে পড়ল, তা খতিয়ে দেখছে প্রশাসন।
