দাউদাউ আগুন সিঁড়িতে! নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৯, প্রাণে বাঁচলেন ৮০ জন – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। রাত পৌনে দুটো নাগাদ যখন আবাসিকরা গভীর ঘুমে আচ্ছন্ন, তখন হঠাৎ ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়। চারতলার আবাসিক মহম্মদ আমিরুল ও ইজাজ আহমেদ জানান, জানলা খুলতেই চারপাশ ধোঁয়ায় ঢাকা দেখতে পান। তিনতলায় আগুন লাগায় সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করলেও সেখানে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন তাঁরা। লিফট বন্ধ থাকায় চরম আতঙ্ক ছড়ায় এবং মুহূর্তের জন্য মনে হয়েছিল আর বাঁচা সম্ভব নয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনী ও পুলিশ কর্মীরা প্রায় ৮০ জন আবাসিককে উদ্ধার করেন। তবে এই ভয়ানক অভিজ্ঞতা থেকে সহজে বেরিয়ে আসতে পারছেন না বেঁচে ফেরা মানুষগুলো। অপর এক আবাসিকের কথায়, মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন তাঁরা। ওই ভবনে একাধিক ছোট হোটেল রয়েছে, যেগুলির নিরাপত্তা ও বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন আবাসিকরা। অবিলম্বে এই হোটেলগুলির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
