বকেয়া ডিএ: সরকারি কর্মচারীদের অভিযোগ শুনবে অবসরপ্রাপ্ত বিচারপতি মালহোত্রা কমিটি – এবেলা

বকেয়া ডিএ: সরকারি কর্মচারীদের অভিযোগ শুনবে অবসরপ্রাপ্ত বিচারপতি মালহোত্রা কমিটি – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ (Dearness Allowance) সংক্রান্ত সব ধরনের অভিযোগ বিচার করে দেখবে সুপ্রিম কোর্ট নিযুক্ত বিশেষ কমিটি। বুধবার দেশের শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি পি কে মিশ্রর বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন এই উচ্চ পর্যায়ের কমিটির কাছে সরকারি কর্মচারী সংগঠনের পক্ষে মোট ১০ জন প্রতিনিধি তাঁদের বক্তব্য বা অভিযোগ জানাতে পারবেন। এর মধ্যে ৫ জন আইনজীবী এবং ৫ জন কর্মচারী সংগঠনের প্রতিনিধি থাকবেন। মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে ৮ সপ্তাহ পর।

শীর্ষ আদালতে রাজ্য সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, নতুন রাজ্য সরকার ইতিমধ্যেই বকেয়া ডিএ-র ৬৫ শতাংশ মিটিয়ে দিয়েছে, যার মোট পরিমাণ প্রায় ৭৭০০ কোটি টাকা।

তবে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের দাবি, অল ইন্ডিয়া কনজিউমার্স প্রাইস ইনডেক্স (AICPI) মেনে কেন্দ্রীয় হারে সম্পূর্ণ বকেয়া ডিএ এখনও দেওয়া হয়নি। পাশাপাশি, ডিএ-র টাকা কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড (PF) অ্যাকাউন্টে জমা করা হলেও দুই বছরের ‘লক ইন পিরিয়ড’ রাখা হয়েছে, যার ফলে কর্মীরা এখনই সেই টাকা তুলতে পারছেন না। এই ‘লক ইন পিরিয়ড’ নিয়ে সুপ্রিম কোর্টের বেঞ্চও বিস্ময় প্রকাশ করেছে। মামলাকারীদের আইনজীবী করুণা নন্দী এ বিষয়ে সওয়াল করতে চাইলে দুই বিচারপতির বেঞ্চ পরিষ্কার জানিয়ে দেয় যে, এই সংক্রান্ত সব অভিযোগ বিচারপতি ইন্দু মালহোত্রা কমিটির কাছেই জমা দিতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *