জোড়া অগ্নিকাণ্ডে প্রশাসনের কঙ্কালসার ছবি সামনে আসতেই মুখ্যসচিবের ভূমিকা নিয়ে বিস্ফোরক কুণাল – এবেলা

এবেলা ডেস্কঃ
তারাপীঠ ও কলকাতার নিউ মার্কেটে মাত্র ৪৫ ঘণ্টার ব্যবধানে দুটি বিধ্বংসী অগ্নিকাণ্ডে ১৮ জনের মৃত্যু রাজ্য প্রশাসনের সুরক্ষা পরিকাঠামোকে চরম প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। এই ঘটনার পর গাফিলতির দায় নিয়ে সরব হয়েছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। প্রতিটি দুর্ঘটনার পর তদন্ত ও শোরগোল হলেও কিছুদিন পর তা ধামাচাপা পড়ে যাওয়ার সংস্কৃতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। শহরের বাণিজ্যিক ভবনগুলির অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও ট্রেড লাইসেন্স খতিয়ে দেখতে ইতোমধ্যে পুরসভা, পুলিশ ও দমকলের প্রতিনিধিদের নিয়ে ৫ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হোটেলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশ দেওয়ার পাশাপাশি কলকাতার পুর কমিশনার সমস্ত বরোর বাণিজ্যিক আবাসনের নিরাপত্তা সমীক্ষার নির্দেশ দিয়েছেন।
তবে প্রশাসনিক তৎপরতার মাঝেও আসল দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে সিটের তদন্ত প্রক্রিয়া সরাসরি মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে শুরু করার পরামর্শ দিয়েছেন কুণাল ঘোষ। তাঁর যুক্তি, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত অগ্নিনির্বাপণ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব ও প্রধান সচিব পদে দায়িত্ব সামলেছেন বর্তমান মুখ্যসচিব নিজেই। কুণালের মতে, রাজনৈতিক পালাবদলে রাজনীতিকদের কাঠগড়ায় তোলা হলেও বছরের পর বছর নীতি নির্ধারণের দায়িত্বে থাকা আমলাদের অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহি থাকা জরুরি। অগ্নিনির্বাপণ দফতর পরিচালনায় দীর্ঘ অভিজ্ঞতার কারণে কোথায় গাফিলতি ছিল তা মুখ্যসচিবের চেয়ে ভালো কেউ বলতে পারবেন না। ফলে তাঁকেই প্রথমে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করলে তদন্ত সঠিক দিশা পাবে বলে দাবি করেছেন এই বিধায়ক।
