কাজলের পদত্যাগের নেপথ্যে ম্যাসাঞ্জোরের ‘গোপন বৈঠক’? বীরভূমে কি তবে মহারাষ্ট্র-গোয়া মডেল! – এবেলা

কাজলের পদত্যাগের নেপথ্যে ম্যাসাঞ্জোরের ‘গোপন বৈঠক’? বীরভূমে কি তবে মহারাষ্ট্র-গোয়া মডেল! – এবেলা

এবেলা ডেস্কঃ

মহারাষ্ট্র কিংবা গোয়ার ‘রিসর্ট রাজনীতি’র ছায়া এবার বীরভূমের জেলা রাজনীতিতে। জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের আচমকা পদত্যাগের পেছনে ঝাড়খণ্ডের ম্যাসাঞ্জোরের একটি রিসর্টে তৃণমূলের কাজল-বিরোধী সদস্যদের সঙ্গে বিজেপির একাংশের ‘গোপন বৈঠক’ রয়েছে বলে জোরালো জল্পনা শুরু হয়েছে। গত ৪ আগস্ট কাজল শেখের বিরুদ্ধে ১৯ জন জেলা পরিষদ সদস্য অনাস্থা প্রস্তাব আনার পর তলবি সভার আগেই তিনি পদত্যাগ করেন। রাজনৈতিক মহলের মতে, খয়রাশোলের সদস্য নবগোপাল বাউড়ির নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে কাজল-বিরোধী ১৮ জন তৃণমূল সদস্য ছাড়াও একাধিক বিজেপি নেতার উপস্থিতি ক্ষমতার নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

তবে বিজেপির উপস্থিতির বিষয়টি প্রকাশ্যে স্বীকার না করলেও পরবর্তী সভাধিপতি নির্বাচন নিয়ে আলোচনার কথা মেনে নিয়েছেন নবগোপাল বাউড়ি। তাঁর দাবি, জেলা পরিষদের ৫০ জন তৃণমূল সদস্যের মধ্যে ৪৭ জনই তাঁদের পাশে রয়েছেন। পাশাপাশি “রাজ্যে বিজেপির সরকার যাদের সভাধিপতি হিসেবে চাইবে, আমরা তাঁদেরই সমর্থন করব”—তাঁর এমন বিস্ফোরক মন্তব্য জল্পনার পারদ আরও চড়িয়েছে। অনুব্রত মণ্ডল ও কাজল শেখ—উভয় গোষ্ঠীকেই দূরে সরিয়ে জেলা পরিষদে নতুন রাজনৈতিক অক্ষ তৈরির চেষ্টা চলছে কি না, তা নিয়েই এখন সরগরম রাজ্য রাজনীতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *