বাড়িতে থাকা স্মার্ট টিভি এবার হয়ে উঠবে কম্পিউটারের মনিটর – এবেলা

এবেলা ডেস্কঃ
কম্পিউটার কেনার ইচ্ছা থাকলেও চড়া দামের কারণে অনেকেই পিছিয়ে আসেন। তবে পকেটের কথা ভেবে আর মন খারাপ করতে হবে না, কারণ খুব সহজেই বাড়িতে থাকা সাধারণ টিভিকেই এবার বানিয়ে ফেলা সম্ভব সম্পূর্ণ একটি ডেস্কটপ। ভারতের সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে আধুনিক প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে বিশেষ ভারচুয়াল ডেস্কটপ পরিষেবা নিয়ে এসেছে প্রযুক্তি সংস্থা জিও। আলাদা করে দামি সিপিইউ বা মনিটর না কিনে মাত্র ৩০০ টাকার কম খরচে ক্লাউড পরিকাঠামো ব্যবহার করে এই অনন্য সুবিধা পাওয়া যাবে।
এই প্রযুক্তির সুবিধা নিতে প্রয়োজন একটি জিও সেট-টপ বক্স, সক্রিয় জিও ফাইবার বা এয়ার ফাইবার সংযোগ এবং একটি নির্দিষ্ট প্ল্যান। প্রথমে টিভি ও সেট-টপ বক্স অন করে জিও মেনু থেকে নির্দিষ্ট অ্যাপটি বেছে নিতে হবে। এরপর ইউএসবি বা ব্লুটুথের মাধ্যমে কিবোর্ড ও মাউস যুক্ত করা যাবে। এমনকি স্মার্টফোনে থাকা জিও অ্যাপের কিউআর কোড স্ক্যান করে মোবাইল নম্বর ভেরিফিকেশনের মাধ্যমে ফোনটিকেও মাউস হিসেবে ব্যবহার করে নিমেষেই ক্লাউড ডেস্কটপ চালু করা সম্ভব।
