সেপ্টেম্বরেই শিলান্যাস! নিউটাউনে আদানির মেগা হাসপাতালে রাজ্যের লাভ কত হাজার কোটি? – এবেলা

এবেলা ডেস্কঃ
নিউ টাউনে আন্তর্জাতিক মানের হাসপাতাল ‘আদানি আরোগ্য নিকেতন’-এর শিলান্যাস হতে চলেছে আগামী সেপ্টেম্বরেই। সবকিছু ঠিক থাকলে আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি স্বয়ং এই মেগা প্রকল্পের সূচনা করবেন। ৫১.৭৫ একর জমির ওপর নির্মিত এই প্রকল্পে প্রাথমিক বিনিয়োগ ধরা হয়েছে ১,২০০ কোটি টাকা। জমি ও অন্যান্য ছাড় বাবদ রাজ্য সরকার প্রায় ১,৯৬৭ কোটি টাকা রাজস্ব মকুব করলেও, জমা পড়া বিস্তারিত রিপোর্ট অনুযায়ী এর দীর্ঘমেয়াদি সুফল বিপুল। ১,০০০ শয্যার এই উন্নত হাসপাতালে ৫০০টি শয্যা সম্পূর্ণ বিনামূল্যে পাবে রাজ্য সরকার, যা সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবায় এক যুগান্তকারী পরিবর্তন আনবে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দপ্তরে জমা পড়া ওই রিপোর্ট অনুযায়ী, প্রকল্পটির ফলে রাজ্যের বার্ষিক আর্থিক ও সামাজিক লাভ হতে পারে প্রায় ৪,০৮৫ কোটি টাকা। এর মধ্যে বিনামূল্যে চিকিৎসা, ওপিডি এবং ডায়াগনস্টিক পরিষেবা থেকেই ৮১৭ কোটি টাকার সুবিধা মিলবে। পাশাপাশি, প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান থেকে ৫৬০ কোটি টাকা এবং মেডিক্যাল ট্যুরিজম থেকে ১,১৫৬ কোটি টাকা আয়ের সম্ভাবনা রয়েছে। ভিনরাজ্যে রোগীদের যাতায়াত কমলে আরও হাজার কোটি টাকা রাজ্যের অর্থনীতিতেই থেকে যাবে। সব মিলিয়ে এই মেগা স্বাস্থ্য প্রকল্প রাজ্যের সার্বিক অর্থনীতি ও চিকিৎসাক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিতে চলেছে।
