কলকাতায় ব্রাজিল ফুটবল দল, যুবভারতী পরিদর্শন করে বড় মন্তব্য ফুটবল কর্তাদের – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতায় ব্রাজিল ফুটবল দল আসার আগেই সরগরম কলকাতার ফুটবল মহল। অক্টোবরের শুরুতেই ভারতীয় ফুটবল দলের মুখোমুখি হতে চলেছে ব্রাজিল ফুটবল দল। তার ঠিক আগেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গন, অনুশীলনের মাঠ এবং যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বৃহস্পতিবার কলকাতায় আসে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। সফর চলাকালীন তারা সল্টলেক স্টেডিয়ামের প্র্যাকটিস গ্রাউন্ড, ড্রেসিংরুম, গোলপোস্টের অবস্থা দেখার পাশাপাশি নিউটাউনের সেন্টার অফ এক্সেলেন্স ও নির্ধারিত পাঁচতারা হোটেলটি পর্যবেক্ষণ করেন। এই বিশেষ পরিদর্শন শেষে ব্রাজিলের প্রতিনিধি দলটি সমস্ত বিষয়ের ওপর রিপোর্ট প্রস্তুত করে ব্রাজিল ফুটবল ফেডারেশনে জমা দেবে।
ব্রাজিল দলের এই হাইভোল্টেজ সফরকে কেন্দ্র করে কলকাতার ক্রীড়াপ্রেমীদের মধ্যে ইতিমধ্যে চরম উন্মাদনা তৈরি হয়েছে। পরিদর্শনকালে ব্রাজিলের প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, আইএফএ সচিব অনির্বাণ দত্ত এবং প্রাক্তন ফুটবলার সুব্রত পাল। মাঠের নিরাপত্তা ও পরিকাঠামো খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করেন কর্মকর্তারা। ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ ফুটবলপ্রেমীদের আশ্বস্ত করে জানান যে এই ঐতিহাসিক ম্যাচের জন্য প্রয়োজনীয় সমস্ত পরিকাঠামোগত উন্নয়ন করা হবে। ফুটবলপ্রেমীরা যেন স্টেডিয়ামে বসে বিশ্বমানের বিশ্বকাপ স্তরের ম্যাচ দেখার এক দারুণ অভিজ্ঞতা উপভোগ করতে পারেন, তার জন্য সবরকম উন্নত পরিষেবার সুব্যবস্থা করা হচ্ছে।
