রেড রোডে ফোর্ট উইলিয়ামের দেওয়ালে সজোরে ধাক্কা বেপরোয়া গাড়ির, ছড়াল তীব্র চাঞ্চল্য – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতার রেড রোডে ফের বেপরোয়া গতির জেরে ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা। শুক্রবার সকালে একটি চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফোর্ট উইলিয়ামের বিজয় দ্বারের সামনের গার্ডওয়ালে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় দেয়ালের একাংশ ভেঙে পড়ে এবং দুমড়ে-মুচড়ে যায় গাড়িটির সামনের অংশ। ঘটনার পরপরই পুলিশ চালককে আটক করেছে। চালক সামান্য আহত হলেও নিরাপদ রয়েছেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটির গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। চালক মদ্যপ ছিলেন কি না বা কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
রেড রোডে এই ধরনের দুর্ঘটনা এই প্রথম নয়। এর আগে গত জুন মাসেও ফোর্ট উইলিয়ামের সামনে বেপরোয়া গতির কারণে একটি পুলকার উল্টে তিন স্কুল পড়ুয়া গুরুতর জখম হয়েছিল। তা ছাড়া জানুয়ারি মাসেও প্রজাতন্ত্র দিবসের মহড়া চলাকালীন এই চত্বরে বড় দুর্ঘটনা ঘটে। বারবার একই এলাকায় এমন প্রাণঘাতী দুর্ঘটনার পুনরাবৃত্তিতে ট্রাফিক ব্যবস্থা ও নিরাপত্তা নিয়ে আবারও বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
