ভাঙড়ে ফের জোর রাজনৈতিক জল্পনা আইএসএফ থেকে পদত্যাগ করলেন আরাবুল ইসলাম – এবেলা

ভাঙড়ে ফের জোর রাজনৈতিক জল্পনা আইএসএফ থেকে পদত্যাগ করলেন আরাবুল ইসলাম – এবেলা

এবেলা ডেস্কঃ

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টে যোগ দেওয়া আরাবুল ইসলাম পাঁচ মাসের মধ্যেই দল ছাড়লেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আইএসএফ ছাড়ার সিদ্ধান্ত নিশ্চিত করেন ভাঙড়ের এই রাজনৈতিক ব্যক্তিত্ব। নওশাদ সিদ্দিকীর দলের তীব্র সমালোচনা করে আরাবুল দাবি করেন, দলটির স্বৈরাচারী ও একনায়কতান্ত্রিক মানসিকতার পাশাপাশি লুম্পেন বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়েই তিনি পদত্যাগের পথ বেছে নিয়েছেন। অতীতে পঞ্চায়েত ভোটে অশান্তির অভিযোগে গ্রেফতার এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে অম্ল-মধুর সম্পর্কের জেরে শেষ পর্যন্ত ঘাসফুল শিবির ছেড়েছিলেন তিনি।

আইএসএফ ছাড়ার এই সিদ্ধান্তের পর ভাঙড়ের রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। তৃণমূলে কোনঠাসা হয়ে পড়ে মনের দুঃখে নওশাদের দলে যোগ দেওয়া ‘তাজা নেতা’ কি তবে আবার পুরনো দলে ফিরবেন, নাকি রাজনীতি থেকে আপাতত বিরতি নেবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। যদিও নিজের পরবর্তী পদক্ষেপ নিয়ে আরাবুল ইসলাম এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানাননি। শওকত মোল্লার সঙ্গে পুরোনো দ্বন্দ্বের জেরেই তৃণমূল থেকে দূরত্ব তৈরি হলেও, এই পদত্যাগের পর তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে, সেদিকেই নজর রাখছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *