হাওড়া স্টেশনে যাত্রীদের জন্য সুখবর! ভোগান্তি কমাতে কী বদল আনছে রেল-পুরসভা? – এবেলা

হাওড়া স্টেশনে যাত্রীদের জন্য সুখবর! ভোগান্তি কমাতে কী বদল আনছে রেল-পুরসভা? – এবেলা

এবেলা ডেস্কঃ

হাওড়া স্টেশন এবং সংলগ্ন এলাকায় অতিরিক্ত বৃষ্টির সময় জল জমে যাওয়া নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ফলে চরম ভোগান্তির মুখে পড়েন হাজার হাজার নিত্যযাত্রী ও স্থানীয় বাসিন্দারা। এবার সেই দীর্ঘদিনের দুর্ভোগ থেকে স্থায়ী মুক্তি দিতে যৌথভাবে মাঠে নামছে পূর্ব রেল ও হাওড়া পুরনিগম। সম্প্রতি রেল ও পুর প্রশাসনের শীর্ষ আধিকারিকদের মধ্যে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে পুরো নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র পাম্প চালিয়ে জল সরানো নয়, জল জমার আসল উৎস চিহ্নিত করতে যৌথ পরিদর্শনে বের হবেন আধিকারিকরা। এমনকি ড্রোন প্রযুক্তির সাহায্য নিয়ে বাধাগুলি চিহ্নিত করা হবে এবং প্রয়োজনে সাময়িকভাবে জল ধরে রাখতে স্থানীয় পুকুর ও ঝিলগুলিকেও ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।

প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের ওপর বিশেষ জোর দিচ্ছে পূর্ব রেল। হাওড়া ডিভিশনে ইতিমধ্যে অনলাইন স্বয়ংক্রিয় পাম্পিং মনিটরিং ব্যবস্থা চালু করা হয়েছে, যা পাম্পের কর্মক্ষমতা এবং জলস্তরের ওপর নজর রাখবে। সমস্যা দেখা দিলে দ্রুত পদক্ষেপ নিতে এই রিয়েল-টাইম তথ্য অত্যন্ত সহায়ক হবে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, রেল ও পুরসভার যৌথ উদ্যোগ এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে হাওড়া স্টেশন চত্বরের জলাবদ্ধতা কমানোই তাদের প্রধান লক্ষ্য। নিকাশি ব্যবস্থা পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়িত হলে আগামী দিনে ভারী বৃষ্টির সময় যাত্রী ও স্থানীয়দের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করা যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *