প্রফেশনাল ট্যাক্সে নবান্নের বিরাট উপহার, কাদের জন্য চালু হচ্ছে নতুন নিয়ম – এবেলা

প্রফেশনাল ট্যাক্সে নবান্নের বিরাট উপহার, কাদের জন্য চালু হচ্ছে নতুন নিয়ম – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্য সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী প্রফেশনাল ট্যাক্সের কাঠামোয় বড়সড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। এতদিন মাসিক বেতন ১০ হাজার টাকা পেরোলেই যেখানে কর দিতে হতো, এখন থেকে ২০ হাজার টাকা পর্যন্ত আয়ে সম্পূর্ণ ছাড় মিলবে। অর্থ দপ্তরের সচিব সঞ্জয় বনশলের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, চাকরিজীবীদের ক্ষেত্রে আগামী ১ অক্টোবর থেকে এবং ব্যবসায়ী ও স্বাধীন পেশাদারদের জন্য ২০২৭ সালের ১ এপ্রিল থেকে নতুন হার কার্যকর হবে। সংশোধিত এই নিয়ম অনুযায়ী মাসিক ২০ থেকে ৩০ হাজার টাকা আয়ে ১০০ টাকা, ৩০ থেকে ৫০ হাজার টাকায় ১৪০ টাকা, ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকায় ১৭০ টাকা এবং ১ লক্ষ টাকার বেশি উপার্জনে প্রতি মাসে ২০৮ টাকা কর ধার্য করা হয়েছে।

অন্যদিকে স্বাধীন পেশাদার ও ব্যবসায়ীদের সুবিধার্থে বার্ষিক আড়াই লক্ষ টাকা পর্যন্ত আয় এবং ১০ লক্ষ টাকা পর্যন্ত বাণিজ্যিক টার্নওভার করমুক্ত রাখা হয়েছে। তবে বার্ষিক আড়াই থেকে পাঁচ লক্ষ টাকা আয়ে ১ হাজার, পাঁচ থেকে ১০ লক্ষ টাকায় ২ হাজার এবং ২০ লক্ষ টাকার বেশি উপার্জনে ২,৫০০ টাকা কর দিতে হবে। পাশাপাশ আধুনিক তথ্যপ্রযুক্তি ক্ষেত্র, ওটিটি প্রযোজক, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ক্লাউড কম্পিউটিং বিশেষজ্ঞসহ শপিং মল, জিম ও বিউটি পার্লারের মতো নির্দিষ্ট বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর জন্য বছরে এককালীন ২,৫০০ টাকা কর বাধ্যতামূলক করা হয়েছে। নবান্নের প্রকাশিত এই নতুন কর কাঠামো নিয়ে আগামী ১৪ দিনের মধ্যে আমজনতা বা বিশেষজ্ঞদের মতামত বা আপত্তি জানানোর সুযোগ রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *