বাণিজ্য আলোচনা ব্যর্থ: ক্যানাডার পণ্যে ৫০% ভারী শুল্ক বসাল আমেরিকা – এবেলা

বাণিজ্য আলোচনা ব্যর্থ: ক্যানাডার পণ্যে ৫০% ভারী শুল্ক বসাল আমেরিকা – এবেলা

এবেলা ডেস্কঃ

আমেরিকা ও ক্যানাডার মধ্যে গত কয়েক সপ্তাহ ধরে চলা বাণিজ্য আলোচনা শেষ মুহূর্তে ব্যর্থ হয়েছে। ফলে প্রায় ২০ বিলিয়ন ডলারের ক্যানাডিয়ান পণ্যে ৫০ শতাংশ হারে শুল্ক আরোপ করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার রাত ১২টা ১ মিনিট থেকেই এই নতুন শুল্ক কার্যকর হচ্ছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী—প্লাইউড, মদ, বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং হকি খেলার সামগ্রী সহ শত শত পণ্যের ওপর এই অতিরিক্ত ট্যাক্স প্রযোজ্য হবে।

ওয়াশিংটনে তিন দিন ধরে চলা এই বৈঠকে ক্যানাডার বাণিজ্যমন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্ক এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার উপস্থিত ছিলেন। খসড়া প্রস্তাব অনুযায়ী ক্যানাডার স্টিল ও অ্যালুমিনিয়ামে ২৫% এবং গাড়িতে ১৫% শুল্ক কমানোর কথা বলা হয়েছিল, যার বিনিময়ে আমেরিকার তৈরি গাড়ি ও মদের ওপর ক্যানাডার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্ত ছিল। তবে মার্কিন প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের দাবি, সমঝোতার কাছাকাছি পৌঁছালেও শেষ মুহূর্তে ক্যানাডা আগের প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসে এবং নতুন দাবি তোলে। আপাতত নতুন আলোচনার কোনো দিন ধার্য না হওয়ায় দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *