ভারতের কাঠগড়ায় হাফিজ সইদ: পহেলগাম কাণ্ডে এবার সমন পাঠাচ্ছে NIA – এবেলা

এবেলা ডেস্কঃ
জম্মু-কাশ্মীরের পহেলগামে ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলার তদন্তে এবার আইনি পদক্ষেপ আরও তীব্র করল ভারত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA) নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদকে জম্মুর বিশেষ আদালতে হাজির হওয়ার জন্য সমন পাঠাতে চলেছে। বিদেশ মন্ত্রকের মাধ্যমে নির্ধারিত আইনি পথেই এই সমন পাঠানো হবে।
পহেলগাম হামলার মূল চক্রান্তকারী হিসেবে ইতোমধ্যে আদালত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে। জুলাইয়ে এনআইএ-র জমা দেওয়া সাপ্লিমেন্টারি চার্জশিটে লস্কর ও তার শাখা সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF)-এর প্রধান হিসেবে সইদের নাম যুক্ত করা হয়। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং UAPA-এর একাধিক ধারায় দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ও পাকিস্তানের মাটিতে বসে হামলার চক্রান্ত করার অভিযোগ আনা হয়েছে।
১,৫৯৭ পাতার মূল চার্জশিটের পরিপূরক এই নতুন চার্জশিটে হাফিজ সইদের প্রত্যক্ষ ভূমিকা ও পাকিস্তানের ষড়যন্ত্রের বিস্তারিত প্রমাণ রয়েছে। উল্লেখ্য, গত বছরের ২২ এপ্রিল পহেলগামে এই বর্বরোচিত হামলায় ২৬ জন নিরপরাধ মানুষ প্রাণ হারান, যার পর স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এনআইএ তদন্তভার হাতে নেয়।
আইন বিশেষজ্ঞদের মতে, সইদকে ভারতে এনে বিচারের মুখোমুখি দাঁড় করানোই মূল লক্ষ্য। তবে সে যদি আদালতে হাজির না হয়, তবুও ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’ (BNSS)-এর ৩৫৬ ধারা অনুযায়ী তার অনুপস্থিতিতেই বিচার চালিয়ে সাজা ঘোষণা করতে পারবে আদালত। অর্থাৎ, সইদ পাকিস্তানে আত্মগোপন করে থাকলেও তাকে সাজা শোনানোর সব রাস্তা তৈরি রাখছে ভারত।
