চেম্বারে ইনজেকশনের পরেই নিথর দেহ! রামপুরহাটে ভুল চিকিৎসায় বালকের মৃত্যুর অভিযোগে তুলকালাম! – এবেলা

এবেলা ডেস্কঃ
পেটে তীব্র ব্যথা নিয়ে চিকিৎসকের চেম্বারে গিয়ে মর্মান্তিক মৃত্যুর মুখোমুখি হলো এক এগারো বছরের বালক। বীরভূমের রামপুরহাট থানার বেলে নারায়ণপুর গ্রামের বাসিন্দা বুদ্ধদেব মালের ছেলের পেটে ব্যথা শুরু হলে তাকে স্থানীয় চিকিৎসক অরিন্দম চট্টোপাধ্যায়ের চেম্বারে নিয়ে যান পরিবারের লোকজন। সেখানে ব্যথা কমানোর জন্য পরপর দুটি ইনজেকশন দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু ইনজেকশন দেওয়ার মুহূর্তের মধ্যেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে। দ্রুত তাকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ছেলের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকে ও ক্ষোভে ফেটে পড়েন পরিবার ও স্থানীয় বাসিন্দারা। চিকিৎসকের চেম্বারের সামনে মৃতদেহ রেখে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানো হয়। পরিবারের দাবি, ভুল ইনজেকশন এবং চিকিৎসকের গাফিলতির কারণেই এই পরিণতি হয়েছে। এমনকি মৃতদেহ সামনে রেখেও অভিযুক্ত চিকিৎসক রোগী দেখা চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে এবং অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
