ভুল ইনজেকশনে ১১ বছরের বালকের মৃত্যু! রামপুরহাটে চিকিৎসকের চেম্বারের সামনে মৃতদেহ রেখে ধুন্ধুমার – এবেলা

এবেলা ডেস্কঃ
ভুল ইনজেকশনের কারণে ১১ বছরের এক বালকের মৃত্যুর চাঞ্চল্যকর অভিযোগ উঠল বীরভূমের রামপুরহাটে। ঘটনার প্রতিবাদে চিকিৎসকের চেম্বারের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভে ফেটে পড়েন নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রামপুরহাট থানার বেলে নারায়ণপুর গ্রামের বাসিন্দা বুদ্ধদেব মালের ১১ বছরের ছেলের প্রবল পেটে ব্যথা শুরু হয়। চিকিৎসার জন্য পরিবার তাকে রামপুরহাটের চিকিৎসক অরিন্দম চট্টোপাধ্যায়ের চেম্বারে নিয়ে যায়। অভিযোগ, সেখানে চিকিৎসকের নির্দেশমতো চেম্বারের এক কর্মী তাকে দুটি ইনজেকশন দেন। এর কিছুক্ষণ পরেই বালকটির শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে তড়িঘড়ি রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা বালকটিকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিবার ও প্রতিবেশীরা ক্ষোভে ফেটে পড়েন। ভুল চিকিৎসা ও গাফিলতির অভিযোগ তুলে শিশুটির মৃতদেহ নিয়ে রামপুরহাটে ওই চিকিৎসকের চেম্বারের সামনে গিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। পরিবারের দাবি, চেম্বারের বাইরে লাশ রেখে প্রতিবাদ জানানো সত্ত্বেও অভিযুক্ত চিকিৎসক রোগী দেখা বন্ধ করেননি, যা তাদের ক্ষোভ আরও বাড়িয়ে দেয়।
খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিকেল পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের না হলেও অভিযোগ পেলেই আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নিশ্চিত করেছে পুলিশ।
