অগ্নিবীরদের জন্য বড় সুযোগ! পুলিশ ও দমকলে ২০ শতাংশ কোটা ঘোষণা শুভেন্দুর! – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেনাবাহিনীতে চার বছরের মেয়াদ শেষ করার পর অগ্নিবীরদের আর বসে থাকতে হবে না। এবার থেকে রাজ্য পুলিশ, দমকল, বনবিভাগ এবং সিভিল ডিফেন্সে তাঁদের জন্য ২০ শতাংশ সংরক্ষণ করা হবে। রবিবার গার্ডেনরিচের এক অনুষ্ঠানে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে তিনি জানান, প্রশিক্ষিত এই তরুণদের বিভিন্ন সরকারি বাহিনীতে কাজে লাগানো হবে। পাশাপাশি প্রাক্তন সেনাকর্মীদের নিয়ে কাজ করতে সৈনিক বোর্ডের সঙ্গেও প্রশাসন যোগাযোগ শুরু করেছে।
অন্যদিকে, বিপর্যয় মোকাবিলায় আরও একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী সেপ্টেম্বর মাসেই ডিজাস্টার মোকাবিলা ও সিভিল ডিফেন্সের অধীনে ২০০ জনের একটি বিশেষ ‘অর্জুনবাহিনী’ তৈরি করা হবে। প্রাথমিক পর্যায়ে এই বাহিনীতে ১০০ জন কলকাতায়, ৫০ জন দার্জিলিঙে এবং ৫০ জন সাগরে মোতায়েন থাকবেন। আধুনিক সরঞ্জামের সাহায্যে যেকোনো প্রাকৃতিক বা অন্যান্য বিপর্যয়ে দ্রুত উদ্ধারকাজ চালানোই হবে তাঁদের মূল দায়িত্ব। পরবর্তীতে এই বিশেষ বাহিনীতেও অগ্নিবীরদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের।
