অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বস্তি! হাইকোর্টের বড় নির্দেশ, হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলার মধ্যে তিনটি নির্দিষ্ট মামলায় আগামী ৩০ নভেম্বর পর্যন্ত কোনো কঠোর বা জবরদস্তিমূলক পদক্ষেপ করতে পারবে না পুলিশ। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, এই তিন মামলায় অভিষেককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন নেই। তবে তদন্তের স্বার্থে তাঁকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে এবং পুলিশ তলব করলে নির্দিষ্ট সময়ে হাজিরা দিতে হবে। পাশাপাশি, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য অন্তত ৪৮ ঘণ্টা আগে নোটিশ দিতে হবে।
শুনানিতে জানানো হয়, অভিষেকের বিরুদ্ধে ১৬টি এফআইআর দায়ের হলেও সবগুলোর বিষয়ে তিনি অবগত ছিলেন না। এর প্রেক্ষিতে আদালত নির্দেশ দিয়েছে, পুলিশকে অবিলম্বে সমস্ত এফআইআর ও অভিযোগের কপি অভিষেকের কাছে পৌঁছে দিতে হবে। আগামী ২৩ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে এবং তার আগে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে। এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চিকিৎসার প্রয়োজনে তাঁর বিদেশ যাওয়ার ক্ষেত্রেও কোনো বাধা নেই।
