‘নকশালবাড়ি’ থেকে ‘মাথায় গুলি’, শুভেন্দুর বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই বদলে গেল যাদবপুরের দেওয়াল চিত্র – এবেলা

‘নকশালবাড়ি’ থেকে ‘মাথায় গুলি’, শুভেন্দুর বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই বদলে গেল যাদবপুরের দেওয়াল চিত্র – এবেলা

এবেলা ডেস্কঃ

যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা একাধিক বিতর্কিত ও আপত্তিকর দেওয়াল লিখন এবং গ্রাফিতি মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে প্রশাসন এই অভিযান শুরু করার আগেই, গত মঙ্গলবার বাম ছাত্র সংগঠন এসএফআই (SFI)-এর উদ্যোগে আর্টস হস্টেল চত্বরের বেশ কিছু বিতর্কিত গ্রাফিতি সাদা রঙে ঢেকে দেওয়া হয়।

সম্প্রতি কলা বিভাগের হস্টেল চত্বরে আঁকা ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘নকশালবাড়ি’ এবং ‘ফ্যাসিস্ট ডু নট ডিসার্ভ ডেমোক্রেসি, দে ডিসার্ভ আ বুলেট ইন দ্য হেড’-এর মতো বিতর্কিত স্লোগানের ভিডিও নিজের এক্স (টুইটার) হ্যান্ডলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে নবান্নের সাংবাদিক বৈঠক থেকে কড়া আইনি পদক্ষেপের বার্তা দিয়ে তিনি স্পষ্ট জানান, যাদবপুরে কিষেনজিকে নিয়ে কোনও ‘রেড স্যালুট’ বরদাস্ত করা হবে না।

এর আগে গত বুধবার গভীর রাতে ফেটসু (FETSU)-র সাধারণ সভাকে কেন্দ্র করে এবিভিপি (ABVP) ও বাম ছাত্র সংগঠনগুলির মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটে। রাজ্য রাজনীতি উত্তাল হওয়া এবং নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর তীব্র হুঁশিয়ারি আসার পরপরই জরুরি বৈঠক ডাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই বৈঠকেই ক্যাম্পাসের সমস্ত আপত্তিকর স্লোগান ও গ্রাফিতি মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে জল্পনা ছড়িয়েছে, আসন্ন রাখীবন্ধন উৎসবে বিশ্ববিদ্যালয় চত্বর পরিদর্শনে যেতে পারেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *