“অনুষ্ঠান হবেই!” মোহন ভাগবতের সমর্থনে নিউ ইয়র্কের মেয়রকে কড়া জবাব মার্কিন গায়িকার – এবেলা

এবেলা ডেস্কঃ
নিউ ইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবতের আসন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে মার্কিন রাজনীতিতে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। আগামী ২৯ আগস্ট ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন’ শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাগবতের উপস্থিত থাকার কথা রয়েছে।
তবে ভারতীয় বংশোদ্ভূত নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই কর্মসূচির তীব্র বিরোধিতা করে এটিকে ‘বিভাজনমূলক’ বলে ব্যাখ্যা করেছেন।
মেয়রের এই বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন জনপ্রিয় মার্কিন গায়িকা ও অভিনেত্রী মেরি মিলবেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ মামদানিকে ‘সমাজতান্ত্রিক উন্মাদ’ বলে কটাক্ষ করে তিনি জানান, মোদী ও বিজেপি-বিরোধী রাজনীতির কারণেই এই অনুষ্ঠানের বিরোধিতা করা হচ্ছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ম্যাডিসন স্কোয়ার গার্ডেন পুঁজিবাদের নিয়মে চলে, তাই সমাজতন্ত্রীদের আপত্তিতে অনুষ্ঠান আটকাবে না। এর আগে ২০২৩ সালে ওয়াশিংটনে ভারতের জাতীয় সঙ্গীত গেয়ে আলোচনায় এসেছিলেন এই হলিউড তারকা।
