এক পলকেই বদলে যাবে শিশুর মেজাজ! মুখে মুখে তর্ক করলে এই ৪ জাদুকরি কথাতেই বাজিমাত! – এবেলা

এবেলা ডেস্কঃ
বড় হওয়ার প্রক্রিয়ায় আচমকাই মুখে মুখে জবাব দেওয়া শুরু করে শিশুরা। কখনও রূঢ় কথা, আবার কখনও নিছক অবাধ্যতায় অভিভাবকরা বুঝে উঠতে পারেন না কীভাবে পরিস্থিতি সামলাবেন। ভালো কথায় কাজ না হলে এবং খারাপ কথা বললে হিতে বিপরীত হওয়ায় পেরেন্টিং বিশেষজ্ঞরা মনে করেন, এমন পরিস্থিতিতে রেগে না গিয়ে শান্ত ও বুদ্ধিদীপ্তভাবে জবাব দেওয়া অত্যন্ত জরুরি। খুব বিরক্ত লাগলেও এমন কোনও কথা বলা উচিত নয় যা উলটে শিশুর সম্মানে আঘাত হানে। লক্ষ্য রাখা দরকার, শাস্তি দেওয়ার বদলে শিশুকে যেন ব্যক্তিগত সীমানা, আত্মনিয়ন্ত্রণ ও সম্মানের পাঠ দেওয়া যায়।
এই পরিস্থিতিতে শিশুর মন জয় করতে ও তাকে সঠিক আচরণ শেখাতে মাথা ঠান্ডা রেখে চারটি কার্যকর জবাব দেওয়া যেতে পারে। প্রথমত, “তুমি যখন সম্মান দিয়ে কথা বলতে পারবে, তখন আমি শুনব” বললে শিশু বুঝতে শেখে চিৎকার নয়। দ্বিতীয়ত, “কথাটা শুনতে একটু অভদ্র লাগল। আর একবার বলবে?”—এই নরম অথচ দৃঢ় বাক্য শিশুকে তার কথার ধরন বুঝতে সাহায্য করে। তৃতীয়ত, “তোমার রাগ হতেই পারে, কিন্তু বড়দের সঙ্গে আসাম্মানজনকভাবে কথা বলা যাবে না” কথাটি অনুভূতি ও আচরণের ফারাক বোঝায়। চতুর্থত, “আমরা দু’জনেই শান্ত হলে না-হয় এই বিষয় নিয়ে কথা বলব” বলে পরিস্থিতি সামলানো যায়।
