ভোটার তালিকা থেকে নাম ‘ডিলিট’! ৫ বছরের শিশুর রেশন বন্ধ করায় শোরগোল – এবেলা

এবেলা ডেস্কঃ
মুর্শিদাবাদের ভগবানগোলা-১ ব্লকের হাবাসপুর পঞ্চায়েতের খোজারপাড়া মহতপুর এলাকার বাসিন্দা মুরসেলিম শেখের পাঁচ বছরের মেয়ে রুনা খাতুনের রেশন কার্ডে খাদ্যসামগ্রী বন্ধ রাখা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের দাবি, গত দুই মাস ধরে পরিবারের বাকি চার সদস্য রেশন পেলেও, রুনার কার্ডে সামগ্রী দেওয়া হচ্ছে না। স্থানীয় রেশন ডিলার বিষয়টি নিয়ে বিডিও অফিসে যোগাযোগের পরামর্শ দিলে, রুনার মা সাবিনা বিবি বিডিও অফিসে যান। সেখানে অনলাইন যাচাইয়ের পর জানানো হয়, ভোটার তালিকা থেকে শিশুটির নাম ডিলিট হয়ে যাওয়ার কারণেই এই বিপত্তি। পাঁচ বছরের শিশুর নামে ভোটার তালিকা ও রেশন কার্ডের এই বিভ্রান্তি নিয়ে হতবাক দপ্তরের কর্মীরাও।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই সমস্ত নথিপত্র বৈধ থাকা সত্ত্বেও কীভাবে এই জটিলতা তৈরি হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছে শিশুটির পরিবার। খাদ্য সুরক্ষা সুনিশ্চিত করতে দ্রুত তথ্যগত ত্রুটি সংশোধন করে রুনার রেশন চালুর দাবি জানিয়েছে পরিবারটি। এদিকে, ভগবানগোলা-১ ব্লক খাদ্য ও খাদ্য সরবরাহ আধিকারিক বুদ্ধদেব সরকার জানিয়েছেন, ১৮ বছরের নিচে ভোটার কার্ড বা ভোটার তালিকায় নাম থাকার কথাই নয়। বিষয়টি অত্যন্ত অস্বাভাবিক হওয়ায় পুরো ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটির রেশন পরিষেবা পুনরায় চালু করার আশ্বাস দিয়েছে প্রশাসন।
