এক ধাক্কায় ফাঁকা হচ্ছে তৃণমূলের চা শ্রমিক সংগঠন! – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই তীব্র সংকটের মুখে পড়েছে তৃণমূল চা শ্রমিক ইউনিয়ন। একে একে সংগঠন ছেড়ে চলে যাচ্ছেন কেন্দ্রীয় কমিটির হেভিওয়েট নেতারা। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই সংগঠনের শীর্ষ নেতৃত্বদের বড় একটি অংশ দূরত্ব বজায় রাখতে শুরু করেছেন। সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নকুল সোনার ইতিমধ্যে কংগ্রেসের হাত ধরে শিবির বদল করেছেন। তাঁর সঙ্গে যোগ দিয়েছিলেন সহ-সভাপতি তবারক আলি ও ওমদাস লোহারও। এছাড়া সাধারণ সম্পাদক রবীন রাই পদত্যাগ করলেও তা এখনও গৃহীত হয়নি এবং সভাপতি বীরেন্দ্র বরা ওরাওঁ ভোটর পর থেকেই অন্তরালে রয়েছেন।
তৃণমূলের এই চা শ্রমিক সংগঠনে চলা ধারাবাহিক ভাঙন এবং শীর্ষ নেতৃত্বের শূন্যতার সুযোগে চা বলয়ে নিজেদের প্রভাব বিস্তারের জোর সম্ভাবনা দেখছে বিরোধীরা। বিশেষ করে শাসকদল বিজেপির চা শ্রমিক সংগঠন বিটিডব্লুইউ এই পরিস্থিতির সম্পূর্ণ সুযোগ নিতে চাইছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তৃণমূলের এই ছন্নছাড়া অবস্থায় চা বাগানগুলিতে তাদের সংগঠনের শ্রীবৃদ্ধি ঘটবে। তবে সার্বিক এই রাজনৈতিক পটপরিবর্তন শেষ পর্যন্ত চা বলয়ের শ্রমিক রাজনীতিতে ঠিক কী প্রভাব ফেলবে, তা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক থাকলেও আগামী দিনগুলি যে বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে, তা বলাই বাহুল্য।
