কোর্স করতে অনীহা, টাকা ফেরত চাইতেই কলেজে ডেকে মা-মেয়ের সঙ্গে কী ঘটল? বনগাঁয় চাঞ্চল্য! – এবেলা

এবেলা ডেস্কঃ
২০২৬-২০২৮ শিক্ষাবর্ষে খেদাপাড়া বিভূতিভূষণ বিএড কলেজে ভর্তি হওয়ার পর কোর্স করতে অনিচ্ছুক হওয়ায় জমাকৃত টাকা ফেরত চাইতে গিয়ে মারাত্মক হেনস্তার শিকার হলেন এক ছাত্রী ও তাঁর মা। কলেজ কর্তৃপক্ষের কথামতো টাকা আনতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পর জানানো হয় কোনও অর্থ ফেরত দেওয়া হবে না। এরপর জমা দেওয়া আবেদনের রিসিভ কপি চাইতে গেলে কলেজের দুই কর্মী প্রদীপ দে ও মিজানুর মণ্ডল তাঁদের ওপর চড়াও হন বলে অভিযোগ। ছাত্রীকে টানা-হিঁচড়া করে ধাক্কা মেরে বের করে দেওয়ার পাশাপাশি বাধা দিতে গেলে তাঁর মায়ের গায়েও হাত তোলা হয় এবং শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর আহত অবস্থায় ওই ছাত্রী ও তাঁর মা বনগাঁ মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান এবং রাতে পেট্রাপোল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বনগাঁ থানার খয়রা বাড়ির বাসিন্দা ওই ছাত্রীর পরিবারের করা এই অভিযোগের ভিত্তিতে বর্তমানে পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
