দেশজুড়ে বর্ষার তাণ্ডব: ২০ রাজ্যে প্লাবনের আশঙ্কা, জলমগ্ন দিল্লি বিমানবন্দর! – এবেলা

দেশজুড়ে বর্ষার তাণ্ডব: ২০ রাজ্যে প্লাবনের আশঙ্কা, জলমগ্ন দিল্লি বিমানবন্দর! – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রবল বর্ষণে বিপর্যস্ত গোটা দেশ। ভারতের অন্তত ২০টি রাজ্যে দেখা দিয়েছে বন্যা ও হড়পা বানের তীব্র আশঙ্কা। আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, শুক্রবারের টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যপ্রদেশ। পরিস্থিতি বিবেচনায় সেখানে জারি করা হয়েছে কমলা সতর্কতা (Orange Alert)। পাশাপাশি দিল্লি এবং পার্শ্ববর্তী এনসিআর এলাকাতেও অতিভারী বৃষ্টির কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার মধ্যপ্রদেশে ১১৫ থেকে ২০৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত নথিভুক্ত হয়েছে। রাজ্যের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে আচমকা বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক করেছে প্রশাসন। এছাড়া উত্তরপ্রদেশের ঝাঁসি ও ললিতপুর এবং পূর্ব রাজস্থানের ঝালওয়ার, বুন্দি ও কোটাতে আগামী দু’দিন বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার সহ প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে। বিহার ও ঝাড়খন্ডেও প্রায় ১১৫ মিমি বৃষ্টিপাতের পাশাপাশি দমকা হাওয়ার খবর মিলেছে।

রাজধানী দিল্লির অবস্থাও আশঙ্কাজনক। শুক্রবার সকাল থেকে পালামে সর্বোচ্চ ৭২ মিমি বৃষ্টি হয়। লোধি রোড, সফদরজং এবং জনকপুরীর মতো জনবহুল এলাকা জলমগ্ন হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি আরও জটিল হয় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে—ঘণ্টাখানেকের বৃষ্টিতেই এন্ট্রান্স ও অ্যাপ্রোচ রোড জলে ভেসে যায়। খারাপ আবহাওয়া ও জলজটের কারণে বিমানবন্দর থেকে ৯টি উড়ান লখনৌ ও আমেদাবাদে ঘুরিয়ে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

এছাড়া আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয় ও মিজোরামসহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। দক্ষিণ ভারতের তেলঙ্গানা, তামিলনাড়ু ও কর্ণাটকেও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *