মস্কো-কিয়েভে ট্রাম্পের দূত, শান্তিদূতের সফরের মুখে সাময়িক যুদ্ধবিরতির ডাক জেলেনস্কির – এবেলা

এবেলা ডেস্কঃ
September 5, 202611:34 am
দীর্ঘ সাড়ে চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন সংঘাত থামানোর সম্ভাব্য পথ খুঁজতে মাঠে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই বিশেষ প্রতিনিধি। শনিবার মস্কোয় জ্যারেড কুশনার এবং রবিবার কিয়েভে পৌঁছাবেন স্টিভ উইটকফ। হাই-প্রোফাইল এই শান্তি বৈঠকের ঠিক পূর্বমুহূর্তেই দুই পক্ষকে সাময়িক বিমান হামলা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এক বার্তায় জেলেনস্কি জানান, মার্কিন প্রতিনিধিদের সফর যাতে নির্বিঘ্ন হয় এবং আলোচনার উপযুক্ত পরিবেশ তৈরি করা যায়, তার জন্য উভয় পক্ষেরই হামলা থামানো প্রয়োজন। ইউক্রেনের তরফে ওই সময়ে কোনো আক্রমণ চালানো হবে না উল্লেখ করে রাশিয়াকেও একই রূপ ‘নীরবতা’ বজায় রাখার অনুরোধ জানান তিনি। কুশনার ও উইটকফ কী বার্তা নিয়ে আসেন এবং ক্রেমলিনের প্রতিক্রিয়া কী হয়, আপাতত সেদিকেই কিয়েভের প্রধান নজর।
মার্কিন দূতদের এই গুরুত্বপূর্ণ সফরের আবহেও কিয়েভসহ ইউক্রেনের একাধিক অঞ্চলে রুশ আগ্রাসন অব্যাহত। সম্প্রতি ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সদর দফতর লক্ষ্য করে হামলার পাশাপাশি ওডেসা ও ডিনিপ্রোতে দিনভর চলা বিমান হামলায় প্রাণহানি ও বেশ কয়েকজন আহত হওয়ার খবর মিলেছে।
তা সত্ত্বেও এই সফরকে আন্তর্জাতিক মহল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে। কিয়েভ জানিয়েছে, তারা কোনো লোকদেখানো পদক্ষেপ নয়, বরং সংঘাত অবসানে একটি বাস্তবসম্মত সমাধান চায়। মার্কিন প্রশাসনও দুই দূতের এই সফরের বিষয়টি নিশ্চিত করায়, ট্রাম্পের এই মধ্যস্থতা শেষ পর্যন্ত শান্তির মুখ দেখাতে পারে কি না—এখন সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।
