মোদির কাছে স্ত্রীর আকুল আবেদন, রাশিয়া থেকে নিরাপদে কানপুরে ফিরলেন চন্দন – এবেলা

মোদির কাছে স্ত্রীর আকুল আবেদন, রাশিয়া থেকে নিরাপদে কানপুরে ফিরলেন চন্দন – এবেলা

এবেলা ডেস্কঃ

রাশিয়ায় চরম উৎকণ্ঠা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে স্বদেশে ফিরেছেন উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা পেশায় ইঞ্জিনিয়ার চন্দন গুপ্ত। এক ভিডিও বার্তার মাধ্যমে তাঁর নিরাপদে ফেরার খবর নিশ্চিত করেছেন স্ত্রী স্নেহা গুপ্ত।

কর্মসূত্রে কাজের ভিসা নিয়ে রাশিয়ায় থাকা চন্দনকে গত শনিবার গভীর রাতে হঠাৎই আটক করে স্থানীয় পুলিশ। কেড়ে নেওয়া হয় তাঁর মোবাইল ফোন ও পাসপোর্ট। মস্কোয় ১০ বছরের সন্তানকে নিয়ে থাকা স্নেহা প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে স্বামীর এক বন্ধুর মাধ্যমে ঘটনার কথা জানতে পারেন। চন্দন কোনও বেআইনি কাজে যুক্ত নন জানিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেন—হয়তো তাঁকে জোর করে রুশ সেনাবাহিনীতে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে। চরম অসহায় অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে স্বামীর প্রাণরক্ষার কাতর আবেদন জানান স্নেহা।

খবরটি প্রকাশ্যে আসতেই তৎপর হয়ে ওঠে ভারতীয় দূতাবাস। পাশাপাশি চন্দনের পাশে দাঁড়ায় তাঁর নিয়োগকারী সংস্থা ‘ইউফ্লেক্স লিমিটেড’। রাশিয়ার প্রশাসন ও স্ত্রীর সঙ্গে যোগাযোগ রেখে সংস্থাটির নিযুক্ত আইনজীবীর প্রচেষ্টায় দ্রুত মুক্তি পান চন্দন।

স্বামীর মুক্তির পর স্নেহা তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন। চরম বিপদের দিনে পাশে থাকার জন্য তিনি ভারতীয় দূতাবাস, সংস্থা কর্তৃপক্ষ, বিজেপি সাংসদ সীমা দ্বিবেদী এবং ‘সর্ব বৈশ্য সমাজ’-এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রাশিয়ান প্রশাসনের তরফে আটকের সুনির্দিষ্ট কারণ এখনও স্পষ্টভাবে জানানো না হলেও, চন্দন সুস্থ শরীরে ঘরে ফেরায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তাঁর পুরো পরিবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *