বিয়ের নামে প্রতারণা! মুম্বই বিমানবন্দরেই আটক ‘মহাভারত’-এর ভীম সৌরভ গুর্জর – এবেলা

এবেলা ডেস্কঃ
September 21, 20268:05 am
‘মহাভারত’ ধারাবাহিকের জনপ্রিয় ভীম চরিত্র খ্যাত তথা ‘ব্রহ্মাস্ত্র’ ছবির অভিনেতা সৌরভ গুর্জরের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা ও গুরুতর মানসিক হেনস্থার অভিযোগ উঠল। এক তরুণীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে মুম্বই বিমানবন্দর থেকে আটক করে সৌরভকে হায়দরাবাদে নিয়ে গেছে গাচিবাউলি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২১ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে সৌরভের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। সেখান থেকে নম্বর আদান-প্রদান এবং হোয়াটসঅ্যাপে নিয়মিত কথা বলতে বলতে দু’জনের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ হয়ে ওঠে। তরুণীর দাবি, ২০২১ সালের ২৫ ডিসেম্বর তাঁদের প্রথম সামনাসামনি দেখা হয় এবং সেখানেই সৌরভ তাঁকে স্ত্রী হিসেবে মর্যাদা দেওয়ার ও বিয়ের স্পষ্ট প্রতিশ্রুতি দেন।
পরবর্তী সময়ে সৌরভের সঙ্গে তিনি কেবল ভারতে নয়, আমেরিকাতেও ছিলেন। অভিযোগকারিণীর বক্তব্য, দু’জনে মিলে ব্যবসা শুরু করবেন— সৌরভের এই আশ্বাসে ভরসা করেই তিনি আমেরিকায় নিজের চাকরি ছেড়ে দেন। কিন্তু এর পর থেকেই বদলাতে শুরু করে পরিস্থিতি। বিয়ের কথা বললেই তরুণীর নম্বর ব্লক করে দিতেন সৌরভ, শুরু হতো এড়িয়ে চলার প্রবণতা।
অভিযোগ, ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত হায়দরাবাদে ওই তরুণীর সঙ্গেই লিভ-ইন করছিলেন সৌরভ। কিন্তু চলতি বছরের মার্চ মাসে হঠাৎ কাউকে কিছু না জানিয়ে আচমকাই তিনি সেখান থেকে চলে যান। সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত গত ১৫ আগস্ট গাচিবাউলি থানায় সৌরভের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান ওই তরুণী। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
