মণিপুরে আবার আগুন! জাতীয় সড়ক খুঁড়ে তুলকালাম বিক্ষোভ, কাঁদানে গ্যাস ছুড়ল বাহিনী – এবেলা

এবেলা ডেস্কঃ
September 21, 20268:08 am
নতুন করে চরম উত্তপ্ত হয়ে উঠল মণিপুরের কাংপোকপি জেলা। সিআরপিএফ (CRPF)-এর কোবরা বাহিনীর হাতে ৬ জন কুকি যুবক আটকের খবর ছড়িয়ে পড়তেই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। নিরাপত্তারক্ষীদের গাড়ি আটকাতে ভারী যন্ত্র দিয়ে ২ নম্বর জাতীয় সড়ক (ইম্ফল-ডিমাপুর রোড) খুঁড়ে ফেলে বিক্ষোভকারীরা।
শনিবার রাতে কাংপোকপির চাওয়াংকিনিং এলাকা থেকে কুকি উপজাতির ৬ জন ‘গ্রাম স্বেচ্ছাসেবক’কে আটক করে সিআরপিএফ। কোনও স্পষ্ট কারণ ছাড়া নিরীহ গ্রামবাসীদের ‘বেআইনিভাবে’ তুলে নিয়ে যাওয়ার অভিযোগে মধ্যরাতেই মোটবুং এলাকায় পথে নামেন কুকি সম্প্রদায়ের মানুষ।
জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে, বুলডোজার দিয়ে রাস্তা খুঁড়ে এবং রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা। সরকারি যানবাহনে লক্ষ্য করে চালানো হয় পাথর বৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ভিড় ছত্রভঙ্গ করতে নিরাপত্তারক্ষীরা কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এতে কয়েকজন গ্রামবাসী আহত হন বলে খবর।
পরবর্তীকালে আটক স্বেচ্ছাসেবকদের ছেড়ে দেওয়া হলে আন্দোলনকারীরা পথ অবরোধ তুলে নেন। রবিবার প্রশাসনিক আধিকারিকরা জানান, ক্ষতিগ্রস্ত জাতীয় সড়ক মেরামত করে যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে। পরিস্থিতি থমথমে থাকায় এলাকায় বিপুল সংখ্যক অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন রাখা হয়েছে।
প্রসঙ্গত, গত কয়েকদিনে তামেংলং ও নোনে জেলার একাধিক গ্রামে অগ্নিসংযোগের পাশাপাশি ৪ জন মহিলাসহ ৬ জন কুকি-জ়ো উপজাতির মানুষের মৃত্যু হয়েছে, যা নিয়ে তৈরি হয়েছিল চরম আতঙ্ক।
