গোপন ডেরায় সাট্টার রমরমা, পুলিশের জালে তৃণমূল নেতা সহ ২২ জুয়াড়ি – এবেলা

গোপন ডেরায় সাট্টার রমরমা, পুলিশের জালে তৃণমূল নেতা সহ ২২ জুয়াড়ি – এবেলা

এবেলা ডেস্কঃ

গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুরের শাজাহান রোডের একটি ঘরে চলা সাট্টার আসরে হানা দিল পুলিশ। মঙ্গলবার রাতের এই আচমকা অভিযানে হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন মোট ২২ জন জুয়াড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে রয়েছেন ভাঙর ১ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা দাপুটে তৃণমূল নেতা শাজাহান মোল্লা। ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক সৌকত মোল্লার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এই নেতার গ্রেপ্তারি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ জানিয়েছে, জুয়ার আসর থেকে নগদ ৫১ হাজার টাকার বেশি এবং ২৫টি দামি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ধৃত বাকি অভিযুক্তদের বাড়ি ভাঙর, বকুলতলা, নরেন্দ্রপুর, মথুরাপুর সহ কলকাতা ও বারুইপুরের বিভিন্ন থানা এলাকায়। পুলিশি তদন্তে জানা যায়, বারুইপুরের খাসমল্লিকেও ওই নেতার একটি বাড়ি রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গ্রেপ্তার হওয়া এই তৃণমূল নেতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এলাকায় তোলাবাজি ও সাধারণ মানুষকে ভয় দেখানো সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *