হারিয়ে যাওয়া ৪ বছরের খুদের খোঁজ মিলল ফেসবুকে, মায়ের কোলে ফিরল সন্তান – এবেলা

হারিয়ে যাওয়া ৪ বছরের খুদের খোঁজ মিলল ফেসবুকে, মায়ের কোলে ফিরল সন্তান – এবেলা

এবেলা ডেস্কঃ

গত ২১ সেপ্টেম্বর ট্রেনে যাতায়াতের সময় বাবা-মায়ের কাছ থেকে আচমকা হারিয়ে যায় চার বছরের এক শিশু। মগরাহাট স্টেশনের কাছে তাকে একা দাঁড়িয়ে কাঁদতে দেখে নিত্যযাত্রীরা দ্রুত স্থানীয় মগরাহাট থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অসহায় শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিজের বাড়ি, ঠিকানা বা পরিচয় কিছুই সেভাবে স্পষ্ট করে জানাতে পারছিল না সে। পুলিশি জিজ্ঞাসাবাদে শুধু নিজের মায়ের নাম ‘হাসিনা বিবি’ বলতে পেরেছিল ছোট্ট শিশুটি।

ওই একটিমাত্র নামের সূত্র ধরেই তৎপরতার সঙ্গে তল্লাশিতে নামে মগরাহাট থানার পুলিশ। আশেপাশের বিভিন্ন থানায় খবর পাঠানোর পাশাপাশি সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় শিশুটির ছবি প্রচার করা হয়। অবশেষে দীর্ঘ আট দিন পর ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ফেসবুকে নিজের হারিয়ে যাওয়া সন্তানের ছবি দেখতে পান হাসিনা বিবি। তড়িঘড়ি তিনি স্বামীকে সঙ্গে নিয়ে থানায় ছুটে যান। পুলিশ যথাযথভাবে সমস্ত পরিচয় ও তথ্য যাচাই করার পর শিশুটিকে তার বাবা-মায়ের কোলে নিরাপদে ফিরিয়ে দেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *