চোখের সামনে নদীগর্ভে তলিয়ে গেল পুরো গ্রাম! – এবেলা

এবেলা ডেস্কঃ
মালদহের রতুয়া-১ ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের জিতুটোলা ও মুলিরামটোলা এলাকায় ভয়াবহ আকার ধারণ করেছে গঙ্গার ভাঙন। বুধবার ভোর থেকে গঙ্গার জল কমতেই শুরু হয় ব্যাপক পাড় ভাঙন, যার জেরে মুহূর্তের মধ্যে নদীগর্ভে তলিয়ে যায় অন্তত ২২টি বাড়ি। ঘরবাড়ির পাশাপাশি জিতুটোলা প্রাথমিক বিদ্যালয় সম্পূর্ণ এবং মুলিরামটোলা প্রাথমিক বিদ্যালয়ের সিংহভাগ নদীতে বিলীন হয়ে গিয়েছে। ভাঙনের কবলে পড়েছে স্থানীয় মনসা মন্দিরও। চোখের সামনে ভিটেমাটি, গাছপালা ও বিদ্যুতের খুঁটি গঙ্গার পেটে চলে যেতে দেখে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন দুর্গত বাসিন্দারা।
প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে পালাচ্ছেন অসংখ্য মানুষ, একই সঙ্গে সময় থাকতে সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয় রাধাগোবিন্দ মন্দিরের সামগ্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আসবাবপত্র। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে মহানন্দটোলার বিস্তীর্ণ এলাকা মানচিত্র থেকে চিরতরে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। নদী ভাঙনের এই চরম বিপজ্জনক পরিস্থিতিতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং স্থায়ী ভাঙন রোধের জোরালো দাবি জানিয়েছেন আতঙ্কিত গ্রামবাসীরা।
