উৎসবের মুখে চরম গাফিলতি, রাজ্যজুড়ে ৩১টি রেস্তোরাঁ ও খাদ্য সংস্থার ডানা ছাঁটল এফডিএ! – এবেলা

এবেলা ডেস্কঃ
উৎসবের মরসুমে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় মহারাষ্ট্রজুড়ে বিরাট অভিযানে নামল রাজ্য ফুড অ্যান্ড ড্রাগ প্রশাসন (FDA)। রাজ্যের বিভিন্ন প্রান্তের হোটেল, রেস্তোরাঁ, বেকারি ও ক্যাটারিং প্রতিষ্ঠানে আচমকা তল্লাশি চালিয়ে চরম অস্বাস্থ্যকর পরিবেশ, অনুমোদনহীন কাজ ও ভেজাল খাবার তৈরির অপরাধে মোট ৩১টি সংস্থার লাইসেন্স বাতিল করা হয়েছে। গত ২৮ থেকে ৩০ সেপ্টেম্বরের এই বিশেষ অভিযানে মুম্বই, কোঙ্কন, পুণে এবং ছত্রপতি শম্ভাজিনগর ডিভিশন থেকে ব্যাপক অনিয়ম হাতেনাতে পাকড়াও করেন আধিকারিকরা। পরিদর্শনকালে একাধিক নামী প্রতিষ্ঠানে তেলাপোকা ও ইঁদুরের উপদ্রব, প্রয়োজনীয় নথির অভাব এবং কর্মীদের স্বাস্থ্যগত যোগ্যতার প্রমাণ না পাওয়ার মতো গুরুতর স্বাস্থ্যবিধি লঙ্ঘন ধরা পড়ে।
বিপুল পরিমাণের এই অভিযানে প্রায় ১৬.২২ লক্ষ টাকা মূল্যের ৩,৯০২ কেজি ভেজাল ও নিম্নমানের খাদ্যদ্রব্য এবং ৬১৭ লিটার দুধ বাজেয়াপ্ত করা হয়েছে। তালিকায় মিষ্টি, পনির, ঘি, চিজ, ড্রাই ফ্রুটস ও ভোজ্য তেলের পাশাপাশি নকল আমুল চিজ ও অবৈধ খোয়া ক্ষীরও রয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ গুটখা ও পান মশলার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬১.১৭ লক্ষ টাকার নিষিদ্ধ পণ্য জব্দসহ ১৪টি এফআইআর দায়ের ও ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মহারাষ্ট্রের এফডিএ কমিশনার তুকারাম মুন্ডে সাফ জানিয়ে দিয়েছেন, সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং এই ধরণের কড়া পদক্ষেপ ভবিষ্যতেও জারি থাকবে।
