মা ফ্লাইওভারে আর যানজট নয়! ‘আনফিট’ গাড়ির বিরুদ্ধে বড় পদক্ষেপ লালবাজারের

মা ফ্লাইওভারে যানজট এড়াতে এবং ‘আনফিট’ গাড়ির চলাচল কঠোরভাবে আটকাতে নয়া পদক্ষেপ করতে চলেছে কলকাতা ট্রাফিক পুলিশ। লালবাজারে ডিসি (ট্রাফিক) সম্ভব জৈন জানিয়েছেন, ফ্লাইওভারে ওঠার আগেই এই ধরনের গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার বা ‘নিক’-এর কাছে রিয়েল টাইম ফিড চাওয়া হয়েছে। এই তথ্য হাতে পেলেই সার্জেন্টরা আরও দ্রুত পদক্ষেপ করতে পারবেন। উল্লেখ্য, ব্যস্ত সময়ে ফ্লাইওভারে হঠাৎ গাড়ি খারাপ হওয়া বা তেল ফুরিয়ে যাওয়ার মতো নিত্যদিনের ঘটনায় যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়।
পাশাপাশি, ভিভিআইপি কনভয় বা মুখ্যমন্ত্রীর যাতায়াতের সময় হঠাৎ ফ্লাইওভার বন্ধ রাখায় সংলগ্ন এলাকায় যে যানজট তৈরি হয়, তা রুখতেও বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। ট্রাফিক জ্যাম এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে ডিসপ্লে বোর্ড বসিয়ে ফ্লাইওভার খোলা বা বন্ধ থাকার বিষয়টি চালকদের আগে থেকেই জানিয়ে দেওয়া হবে। এছাড়া, আপৎকালীন পরিস্থিতিতে রেকার দিয়ে দ্রুত বিকল গাড়ি সরাতে ফ্লাইওভারের ডিভাইডারে কাট আউটের সংখ্যাও বাড়ানো হয়েছে।
