টিকিটে সামান্য ভুল! বিমানে উঠতে না পেরে পেলেন বিশাল ক্ষতিপূরণ!

বিমানের টিকিটে সামান্য নামের গরমিলের জেরে নিউইয়র্ক থেকে দিল্লিগামী এক যাত্রীকে বিমানে উঠতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়ে নতুন টিকিট কিনতে হয় তাঁর পরিবারকে। এই ঘটনায় সংশ্লিষ্ট বিমান ও ভ্রমণ সংস্থাকে বড়সড় ধাক্কা দিয়ে যৌথভাবে প্রায় ৭৮ হাজার ৯২০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে বেঙ্গালুরুর একটি উপভোক্তা কমিশন। এই রায়ের ফলে টিকিটে নাম সংক্রান্ত নিয়মগুলি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে দেশজুড়ে।
বিমান সংস্থার নিয়ম অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটে আধার কার্ড বা পরিচয়পত্র এবং আন্তর্জাতিক ফ্লাইটে পাসপোর্টের সঠিক নামের সঙ্গে টিকিটের নাম হুবহু মিলতে হবে। নামের বানান বা টাইটেলে সামান্য ভুল হলে নির্দিষ্ট সময়ের মধ্যে তা সংশোধন করা সম্ভব হলেও, বড় ধরনের সমস্যায় যাত্রীদের পড়তে হয়। পাশাপাশি, ডিজিসিএ-র নিয়ম মেনে টিকিট বাতিল ও রিফান্ডের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা এবং শর্তাবলী মেনে চলা অত্যন্ত জরুরি।
