ছ মাসের মধ্যে বড় বদল বাংলায়! কোন মাস্টারস্ট্রোক চালের ঘোষণা নতুন সরকারের? – এবেলা

ছ মাসের মধ্যে বড় বদল বাংলায়! কোন মাস্টারস্ট্রোক চালের ঘোষণা নতুন সরকারের? – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গে আগামী ছ’মাসের মধ্যে কার্যকর হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি)। রবিবার বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) প্রাক্তন শীর্ষ নেতা অশোক সিংহলের জন্মশতবর্ষ উপলক্ষে আলিপুরের ‘উত্তীর্ণ’ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ইউসিসি চালু হলে রাজ্যে ‘লাভ জিহাদ’, ‘ল্যান্ড জিহাদ’ এবং বেআইনি ধর্মান্তরণ পুরোপুরি বন্ধ হবে। রাজ্যের নবগঠিত সনাতনী সরকারের শীর্ষ ব্যক্তিত্ব হিসেবে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, তাঁর আমলে সাধু-সন্তদের অপমান, রাষ্ট্রবিরোধী কাজ বা ‘গেরুয়া’ পোশাককে আক্রমণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। একই সঙ্গে সকলকে নির্ভয়ে ধর্মচর্চার আহ্বান জানিয়ে গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রশাসনিক উদ্যোগের কথাও প্রকাশ করেন তিনি।

পূর্বতন সরকার ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী অভিযোগ তোলেন, বিগত বছরগুলোতে ধর্ম দেখে হিন্দুদের ওপর নির্যাতন চালানো হয়েছে। মোথাবাড়ি, বেলডাঙা, সামশেরগঞ্জ ও মহেশতলার ঘটনা উল্লেখ করে তিনি জানান, তৎকালীন বিরোধী দলনেতা হিসেবে তিনি এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন। তাঁর মতে, রাজ্যে বিজেপি সরকার গঠনের পর সনাতনী সংস্কৃতি ও উৎসব উদ্যাপনে অভূতপূর্ব জোয়ার এসেছে। এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, এবার রামনবমীতে রেকর্ড দেড় কোটি মানুষ রাজপথে নেমেছিলেন এবং রাজ্যে ৩০ হাজারের বেশি গণেশ পুজো আয়োজিত হয়েছে। সব মিলিয়ে, ধর্মানুষ্ঠান পালন ও রাজ্যের আইনশৃঙ্খলা ইস্যুতে নিজের সরকারের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *