কলা গাছ কাটা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর জখম সিপিএম নেতাসহ ৪! আটক ৩ – এবেলা

এবেলা ডেস্কঃ
ধূপগুড়ি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া এলাকায় সীমানা ঘেঁষা একটি কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে চরম রক্তারক্তি কাণ্ড ঘটেছে। প্রতিবেশীর ঝুলে থাকা পাতা কেটে ফেলাকে কেন্দ্র করে শুরু হওয়া বাদানুবাদ মুহূর্তের মধ্যে হাতাহাতি ও ইটবৃষ্টিতে রূপ নেয়। হামলার ফলে স্থানীয় সিপিআইএম নেতা নির্মাল্য ভট্টাচার্য চোখে গুরুতর আঘাত পান। এছাড়া তাঁর স্ত্রী পর্ণাসী বসাক, কাকা পার্থপ্রতিম ভট্টাচার্য এবং পরিবারের অন্য এক সদস্য আহত হন। জখম পার্থপ্রতিম ভট্টাচার্যের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
আক্রান্ত পরিবার এই হামলার জন্য প্রতিবেশী অশ্রু দে, শুভ্র দে এবং শঙ্কর দে-র বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অন্যদিকে, অভিযুক্ত পরিবারের পক্ষ থেকেও পাল্টা মারধরের দাবি করা হয়েছে। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত তিনজনকে আটক করে। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।
